ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

বসুন্ধরার শাহ আলমের পরিবারের সম্পদ জব্দের নির্দেশ: মানি লন্ডারিংয়ের অভিযোগে আদালতের আদেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান ওরফে শাহ আলম এবং তার পরিবারের সদস্যদের বিদেশে থাকা সব স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ কোর্ট।

সম্প্রতি আদালত এই আদেশ দেন, যেখানে শাহ আলম, তার স্ত্রী আফরোজা বেগম, ছেলেরা সায়েম সোবহান আনভীর, সাদাত সোবহান, সাফিয়াত সোবহান সানভীর, সাফওয়ান সোবহান এবং তাদের স্ত্রীদের সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত এই আদেশের অনুলিপি যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, স্লোভাকিয়া, সাইপ্রাস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, এবং ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিএফআইইউ ও দুদককে এই নির্দেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

মানি লন্ডারিংয়ের অভিযোগ

শাহ আলম ও তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন দেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ রয়েছে। তারা এসব অর্থ দিয়ে বিদেশে নাগরিকত্ব গ্রহণ, কোম্পানি স্থাপন এবং বিলাসবহুল সম্পত্তি কেনার অভিযোগের মুখোমুখি। এর আগে গত ৬ অক্টোবর বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তাদের সব ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়। ২১ অক্টোবর আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

দুদকের তদন্তে দেখা গেছে, শাহ আলম ও তার ছেলেরা বিশ্বের ১৯টি কোম্পানিতে বিনিয়োগ করেছেন। এসব বিনিয়োগের অর্থ মানি লন্ডারিংয়ের মাধ্যমে সংগৃহীত।

বসুন্ধরার বিতর্কিত উত্থান

ভূমি দখল ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে বসুন্ধরা গ্রুপ দেশের অন্যতম বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠীতে পরিণত হয়েছে। সরকার পরিবর্তনের পর শাহ আলমের অপকর্ম ও অর্থ পাচারের বিষয়গুলো খতিয়ে দেখার জন্য সিআইডি ও দুদক যৌথভাবে তদন্ত শুরু করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ