ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

দুর্বল সাত ব্যাংকের জন্য সবল নয় ব্যাংক থেকে সোয়া ৬ হাজার কোটি টাকা সহায়তা

দেশের তারল্য সংকট মেটাতে সাতটি দুর্বল ব্যাংককে ৬ হাজার ৫৮৫ কোটি টাকার সহায়তা দিয়েছে সবল নয়টি ব্যাংক। তবে এই ব্যাংকগুলোর চাহিদা ছিল ১১ হাজার ১০০ কোটি টাকা। সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক, যাদের সাত ব্যাংক থেকে মিলে ২ হাজার ৯৫ কোটি টাকা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এই তথ্য নিশ্চিত করেন।

অন্যান্য ব্যাংকের মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক ছয় ব্যাংক থেকে ১ হাজার ১৭৫ কোটি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ছয় ব্যাংক থেকে ১ হাজার কোটি, ন্যাশনাল ব্যাংক ৯২০ কোটি, এক্সিম ব্যাংক ৭০০ কোটি, ইউনিয়ন ব্যাংক ৪০০ কোটি এবং গ্লোবাল ইসলামী ব্যাংক ২৯৫ কোটি টাকা পেয়েছে।

যেসব ব্যাংক এই তারল্য সহায়তা দিয়েছে তাদের মধ্যে রয়েছে সোনালী, মিউচুয়াল ট্রাস্ট, ইস্টার্ন, শাহজালাল ইসলামী, সিটি, ব্র্যাক, পুবালী, ঢাকা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা জানিয়েছেন, দুর্বল ব্যাংকগুলোর তারল্য সংকট কাটাতে সহায়তা দেওয়া হলেও আমানতকারীদের স্বার্থ সবার আগে বিবেচনায় নেওয়া হচ্ছে।

চলতি সপ্তাহের সোমবার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ১৭টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক করেন। সেই সভায় তিনি শক্তিশালী ব্যাংকগুলোকে দুর্বল ব্যাংকগুলোর সহায়তা অব্যাহত রাখতে আহ্বান জানান।

ইসলামী ধারার শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি নগদ অর্থ দেওয়া বন্ধ করার পর থেকেই এ সংকট শুরু হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ