‘ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড’ ব্যবস্থাপনায় গঠিত বোর্ড অব গভর্নসের চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (৬ অক্টোবর) দিবাগত রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক। তাকে সোমবার (৭ অক্টোবর) আদালতে সোপর্দ করা হবে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিকভাবে জানাননি তিনি।
এরে আগে পুঁজিবাজারে তারল্য সংকট দূর করতে ২০ হাজার কোটি টাকার ‘পুঁজিবাজার স্থিতিশীল তহবিল’ বা ‘ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড’ গঠন করেছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই ফান্ডের জন্য ইতোমধ্যে বোর্ডও গঠন করা হয়েছিল। পুঁজিবাজারের তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানি ও মিউচুয়্যাল ফান্ডের বিতরণ না হওয়া লভ্যাংশ এবং ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংকে পড়ে থাকা অর্থ ও শেয়ারের সমন্বয়ে এ তহবিল গঠন করা হয়েছিল।
২০১৯ সালের ৩০ ডিসেম্বর চাকরি থেকে অবসরোত্তর ছুটিতে যান এ কর্মকর্তা। সরকার পতনের আগে সাবেক এই আমলা ‘ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড’ ব্যবস্থাপনায় গঠিত বোর্ড অব গভর্নসের চেয়ারম্যান ছিলেন।
প্রসঙ্গত, নজিবুর রহমান ২০১৫ সালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবের দায়িত্ব পান। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব করা হয়।



















