পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ণ হাউজিং লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরে কোম্পানিটির লভ্যাংশ- ইপিএস দুটোই কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই তথ্য পাওয়া যায়।
৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১৯ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। অর্থাৎ কোম্পানিটির আগের বছরের তুলনায় ৬ টাকা বা ২৪ শতাংশ লভ্যাংশ কমেছে।
অন্যদিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয়ও (ইপিএস) কিছুটা কমেছে। আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৬ টাকা ৪ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৭ টাকা ৩৭ পয়সা। অর্থাৎ চলতি বছরে কোম্পানিটির ইপিএস কমেছে ১ টাকা ৩৩ পয়সা বা ১৮.০৪ শতাংশ।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) কিছুটা বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৮৩ টাকা ৬২ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির এনএভি ছিল ৮০ টাকা ০৮ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ অক্টোবর।


















