ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬, ৪:৪১ অপরাহ্ন

ফুটবলের ভবিষ্যত নিয়ে বড় সিদ্ধান্তের পথে ফিফা

করোনা ভাইরাসের আতঙ্কে একদিকে যখন ঘরবন্দি গোটা বিশ্ব, তখন অন্যদিকে বিপর্যয়ের আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে সব ক্রীড়া ইভেন্ট। বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবল ফের কবে স্বাভাবিক ছন্দে ফিরবে, সে ব্যাপারে কোনও নিশ্চিত খবর পাওয়া না গেলেও আশঙ্কার বাণী শোনাচ্ছে ফিফার একটি মহল।

বিশ্বব্যাপী মারণ করোনা ভাইরাসের বলি হয়েছেন সাড়ে সত্তর হাজারেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা প্রায় ১৩ লক্ষে পৌঁছে গিয়েছে। মারণ ভাইরাসে ব্যাপক প্রভাবিত আমেরিকা, ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স, স্পেন সহ বিশ্বের সবকটি বড় ফুটবল খেলিয়ে দেশ।

মানুষের প্রাণের থেকে বড় কিছু নয়। করোনা ভাইরাসের আতঙ্কে তাই স্থগিত করে দেওয়া হয়েছে ইউরো কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, ক্লাব ওয়ার্ল্ড কাপ, প্রিমিয়ার লিগ, সিরি এ, লা লিগা, কোপা ডেল রে, লিগ ওয়ান, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব সহ বিশ্বের সব ছোট-বড় ফুটবল টুর্নামেন্ট। ভারতে স্থগিত করে দেওয়া হয়েছে আই লিগের সবকটি অবশিষ্ট ম্যাচ।

করোনা ভাইরাসের জেরে বিশ্বব্যাপী তৈরি হওয়া গম্ভীর পরিস্থিতিতে আদৌ কোনও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব কিনা, সে ব্যাপারে কোনও আশার আলো দেখাতে না পারলেও আশঙ্কার কথা শুনিয়েছে ফিফা। আপদকালীন পরিস্থিতিতে চলতি মরশুমের ফুটবল অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হতে পারে বলে খবর। আগামী দুই দিনের মধ্যে ফিফা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলেও সূত্রের খবর।

করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া যুদ্ধকালীন পরিস্থিতিতে বিভিন্ন ক্লাবের ট্রান্সফার উইন্ডোগুলির চূড়ান্ত সময়সীমাও পিছিয়ে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। ৩০ জুন বন্ধ হওয়ার কথা ছিল খেলোয়াড় কেনাবেচা। আপাতত তা বন্ধ করা হতে পারে বলে ফিফা সূত্রে খবর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ