ঢাকা, শুক্রবার, ৮ মে ২০২৬, ৬:৩০ অপরাহ্ন

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশিসহ ৩৩ অনুপ্রবেশকারী আটক

মালয়েশিয়ায় মানবপাচারে জড়িত থাকার অভিযোগে ৩৩ অনুপ্রবেশকারীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এদের মধ্যে ১২ বাংলাদেশিও আছেন বলে জানা গেছে।

শনিবার দেশটির অভিবাসন বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ১০ জুন একটি বিশেষ অভিযানে মানবপাচার চক্রের দুই সদস্যকে আটক করা হয়। সঙ্গে অবৈধ পথে মালয়েশিয়ায় প্রবেশ করার সময় বিভিন্ন দেশের ৩৩ জন নাগরিককে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ১১ জন থাইল্যান্ডের, ৭ জন মিয়ানমারের, ১২ জন বাংলাদেশের, দুজন ভারতের এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেলান্টান স্টেট ইমিগ্রেশন বর্ডার ইন্টেলিজেন্স ইউনিটের সঙ্গে হেডকোয়ার্টার্সের ইন্টেলিজেন্স এবং স্পেশাল অপারেশন বিভাগের টেকটিক্যাল টিমের (পাসটাক) ১৯ সদস্যের অপারেশন টিম এ অভিযান পরিচালনা করে।

তিনি জানান, সীমান্তে অবৈধ ঘাঁটি দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করার সময় তাদের আটক করা হয়। এসময় অপারেশন টিম একটি ট্রানজিট হাউসে অভিযান চালিয়ে চার বাংলাদেশিকে আটক করেন। এছাড়াও একটি ট্রান্সপোর্টার গাড়িতে করে পালানোর সময় একজন থাই মহিলা এবং দুই ভারতীয়কে আটক করা হয়।

অভিবাসন বিভাগের মহাপরিচালক আরও বলেন, অভিবাসন বিভাগ ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬, ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এবং অ্যান্টি-ট্রাফিকিং ইন পারসনস অ্যান্ড মাইগ্র্যান্ট স্মাগলিং অ্যাক্ট (এটিআইপিএসওএম) অনুসারে মানবপাচার কার্যক্রম রোধে এই অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: দ্য স্টার

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ