ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

মার্চে ৫ শতাংশ বাড়ছে বিদ্যুতের দাম

মার্চ মাস থেকে বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়ছে। একইসঙ্গে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দামও বাড়ানো হবে। তবে আবাসিকে গ্যাসের দাম বাড়বে না। আগামী সপ্তাহে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

এদিকে মার্চ মাস থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি কার্যকর হতে পারে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে দেশেও ওঠানামা করবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, “সবচেয়ে বেশি সমস্যা হয়ে গেছে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন। আগে ডলার ৭৮ টাকায় পাওয়া যেত, এখন প্রায় ১২০ টাকার মতো হয়ে গেছে। প্রতি ডলারে প্রায় ৪০ টাকার মতো বেশি খরচ হচ্ছে। এতে বিশাল ঘাটতি তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম অপরিবর্তিত থাকলেও ডলারের মূল্যবৃদ্ধির কারণে দাম সমন্বয় জরুরি হয়ে পড়েছে। তবে বড় গ্রাহকদের দাম বাড়ানো হবে যাতে কম ব্যবহারকারীরা ভর্তুকি মূল্যে বিদ্যুৎ পায়।”

এসময় ‘মার্চ থেকেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের দাম সমন্বয় কার্যকর হবে’ বলে জানান তিনি।

২০১০ সালের মার্চ থেকে এ পর্যন্ত গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১২ বার বেড়েছে। শুধু ২০২৩ সালে তিন দফায় বিদ্যুতের দাম ১৫ শতাংশ বাড়ানো হয়। সর্বশেষ ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ