ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

অনন্ত-বর্ষার সঙ্গে ‘কিল হিম ২’তে চমক নানা পাটেকর

পরিচালক ও প্রযোজক মোহাম্মদ ইকবাল অনেক আগেই ঘোষণা দিয়েছিলেন প্রথম পরিচালিত সিনেমা ‘কিল হিম’- এর সিক্যুয়েল ‘কিল হিম-২’ নির্মাণ করবেন তিনি। এছাড়া প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তিতেও থাকবে বেশকিছু চমক। সম্প্রতি ‘কিল হিম-২’ সিনেমার চমক নিয়ে মুখ খুলেছেন নির্মাতা ইকবাল। তিনি জানান অনন্ত-বর্ষার সঙ্গে সিক্যুয়েলে অভিনয় করবেন বলিউডের নানা পাটেকর।

মোহাম্মদ ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘কিল হিম ২’ নিয়ে নানা পাটেকরের সঙ্গে আমাদের টিমের কথা হয়েছে। নানা পাটেকর এখনো চুক্তিবদ্ধ না হলেও গল্পটি শুনে পছন্দ করেছেন। পাশাপাশি মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন এই অভিনেতা’। তিনি জানান, নানা পাটেকর স্ক্রিপ্ট পাঠাতে বলেছেন। স্ক্রিপ্ট পড়ে কোনো সংশোধনী থাকলে তা করা হবে। আশা করছি, এ মাসেই তার সঙ্গে চুক্তি হয়ে যাবে।

পরিচালক ইকবাল আরো জানান, পরিচিত এক তামিল পরিচালকের মাধ্যমে নানা পাটেকরের সঙ্গে যোগাযোগ হচ্ছে। তবে কবে থেকে শুরু হবে কিল হিম সিনেমার শুটিং -এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনো শুটিংয়ের তারিখ পরিকল্পনা করিনি। চিত্রনাট্য চূড়ান্ত হলে নানা পাটেকরের সঙ্গে চুক্তি হবে। এরপর অনন্ত ভাই ও তার সঙ্গে বসে শুটিং শিডিউল চূড়ান্ত করব।’

নানা পাটেকর ছাড়া অনন্ত-বর্ষার সঙ্গে আর কে কে থাকছেন, তা এখনই খোলাসা করেননি ইকবাল। তবে অভিনয়শিল্পী তালিকায় বেশ চমক থাকছে বলে আভাস দিয়েছেন তিনি। নির্মাতা বলেন, ‘সম্পূর্ণ অ্যাকশন ঘরানার সিনেমা হবে ‘কিল হিম ২’। কিলহিমের থেকে আরও বেশি অ্যাকশন থাকবে এই সিনেমায়। আশা করছি, গতবারের মতো এবারও দর্শক আমাদের পাশে থাকবেন।’

এদিকে সম্প্রতি মোহাম্মদ ইকবাল কাজ শেষ করেছেন ‘ডেড বডি’ নামে একটি সিনেমার কাজ। এ সিনেমায় অভিনয় করেছেন কলকাতার চিত্রনায়িকা অন্বেষা ওমর সানী, শ্যামল মওলা, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহানসহ অনেকেই।

উল্লেখ্য, প্রথম নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে ‘কিল হিম’ সিনেমায় অভিনয় করেছেন অনন্ত ও বর্ষা। গত রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি নির্মাণ করেন মোহাম্মদ ইকবাল। সিনেমাটি দর্শকমহলে প্রশংসিত হওয়ার পর, এবার ইকবাল নির্মাণ করবেন ‘কিল হিম ২’।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ