হামাসের সঙ্গে হামলা পাল্টা-হামলার মধ্যেই লেবানন ভূখণ্ডে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সামরিক পোস্টকে লক্ষ্য করে লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের জবাবে এ হামলা চালানো হয়েছে।
ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক্সে (টুইটার) এক পোস্টে বলেন, কিছুক্ষণ আগে লেবাননের ভূখণ্ড থেকে আরব আল-আরামশে একটি সামরিক পোস্টের দিকে অ্যান্টি-ট্যাঙ্ক ফায়ার শনাক্ত করা হয়েছে।
রয়টার্স জানায়, লেবাননের ধায়েরা গ্রাম থেকে ইসরায়েলি শহর আরব আল-আরামশের কাছে এই হামলা চালানো হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের তথ্য ও কারা হামলা চালিয়েছে তা জানা যায়নি।
দক্ষিণ লেবাননের শহর রামিশের বাসিন্দারা জানান, ইসরায়েলি হামলা তাদের শহরের চারপাশে আঘাত করছে।
স্থানীয় লেবানিজ টেলিভিশন চ্যানেল আল-জাদেদের প্রতিবেদনে ধায়েরা গ্রামের কিছু বাড়ি ও কৃষি জমির কাছে একটি জংলাভূমি থেকে সাদা ধোঁয়া ওঠার ভিডিও সম্প্রচার করেছে।

এর আগে লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ বলেছে, তারা সোমবার তাদের তিন সদস্যকে হত্যার প্রতিক্রিয়া জানাতে গাইডেড মিসাইল দিয়ে একটি ইসরায়েলি স্থাপনায় হামলা চালিয়েছে।
হিজবুল্লাহর মালিকানাধীন লেবাননের সংবাদ মাধ্যম আল মানারের মতে, মঙ্গলবার দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকেও রকেট ছোড়া হয়েছিল। তবে রকেট ছোড়ার কথা স্বীকার করেনি হিজবুল্লাহ।
এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সংঘাতের পঞ্চম দিনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৫ জনে। আহত হয়েছে আরও ৫ হাজার ১০০ জনের বেশি।


















