ইসরায়েলের ভেতর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার ঘটনার পর অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনপন্থী বিক্ষোভের আয়োজকরা আগামী রোববার সিডনিতে আরেকটি মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছেন। তবে ইতোমধ্যে নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার এটির অনুমতি দেবেন না বলে জানিয়েছেন গণমাধ্যমকে।
প্রিমিয়ার ক্রিস মিন্স বলেছেন, ‘আমি নিশ্চিত করতে চাই যে আর কোনো সমাবেশ ঘটবে না। বিক্ষোভ সংগঠকরা ইতোমধ্যেই প্রমাণ করেছে যে তারা শান্তিপূর্ণ নয়। জাতিগত বৈষম্য চিৎকার করে বলা শান্তিপূর্ণ প্রতিবাদের সংজ্ঞা নয়। সিডনির রাস্তায় “কমান্ডো মহড়া” করতে দেওয়া হবে না।’
শনিবার ইসরায়েলে হামাসের হামলায় ইসরায়েলিদের প্রতি সহানুভূতি সমর্থন জানাতে সোমবার রাতে সিডনির টাউন হল থেকে অপেরা হাউস পর্যন্ত আলোর রেখায় ইসরায়েলি নীল-সাদা পতাকায় মোড়ানো হয়। এর বিপরীতে ইসরায়েল থেকে সরকারি সমর্থন প্রত্যাহারের দাবিতে মিছিল বের করে ‘প্রো-ফিলিস্তিনি অ্যাকশন গ্রুপ’। ওই মিছিলে ইসরায়েল ও ইহুদিদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ স্লোগান তোলা হয়।
অস্ট্রেলিয়ার সরকারি ও বিরোধী দলের নেতাদের প্রতিবাদের পর পুলিশ বলেছে, তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। মিছিলের আয়োজক গ্রুপ বলেছে, ইসরায়েল ও ইহুদিবিরোধী স্লোগান যারা দিয়েছেন, তারা তাদের কর্মসূচির অংশগ্রহণকারী নন।
ফিলিস্তিনিপন্থী অন্যতম সংগঠক ফাহাদ আলী এসবিএস নিউজকে বলেছেন, নিউ সাউথ ওয়েলস পুলিশ তাদের জানিয়েছে যে রোববারের সমাবেশের জন্য তাদের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা আপিল করার আইনি উপায় বিবেচনা করছি। ইসরায়েলের সামরিক দখলের প্রতিবাদ করার অধিকার ফিলিস্তিনি সম্প্রদায়ের আছে।’
তিনি আরও বলেন, কেন শুধুমাত্র কিছু লোক শোক করতে পারবে এবং অন্যরা নয়। কেন আমরা আমাদের পরিবার, আমাদের বন্ধু, আমাদের সহকর্মীদের জন্য শোক করতে পারব না। নাগরিক স্বাধীনতার জন্য এর মারাত্মক প্রভাব রয়েছে।’
নিউ সাউথ ওয়েলসের সহকারী পুলিশ কমিশনার টনি কুক সাংবাদিকদের বলেছেন, আমরা আশা করি না যে কেউ অন্য জায়গা থেকে সংঘর্ষ সিডনির রাস্তায় নিয়ে আসবে। সহিংসতা সহ্য করা হবে না।’
সূত্র: এসবিএস নিউজ


















