স্মার্টফোনে ছবি তোলার জন্য ক্যামেরা গুরুত্বপূর্ণ। কোম্পানিভেদে ক্যামেরার হার্ডওয়্যার ও সফটওয়্যারে ভিন্নতা থাকলেও ডিজাইনে তেমন পার্থক্য নেই। অধিকাংশ সেলফোনের পেছনে যে ক্যামেরা দেয়া হয় তা ডিভাইসের বামদিকে থাকে। উদাহরণস্বরূপ আইফোনের কোনো সিরিজেই ডানদিক বা মাঝখানে ক্যামেরা দেয়া হয়নি। অ্যান্ড্রয়েডে কিছু ভিন্নতা থাকলেও এগুলোর হার কম। এভাবে ক্যামেরা বসানোর কারণ জানা গেছে মেক ইউজ অব সূত্রে।
বর্তমান সময়ের স্মার্টফোনগুলোতে একাধিক ক্যামেরা দেয়া হয়ে থাকে। এছাড়া ইমেজ সেন্সর, মেগাপিক্সেল, সফটওয়্যারসহ বিভিন্ন বিষয় আগের থেকে উন্নত হওয়ায় ছবিও উন্নতমানের হয়। অনেকে ডিএসএলআরের সঙ্গে স্মার্টফোনের ক্যামেরার তুলনাও করছেন। আগে একটি ক্যামেরা দেয়া হতো। যে কারণে ডিজাইনও ডিভাইসের মাঝামাঝি অবস্থানে ছিল। এখন গ্রাহকদের আকৃষ্ট করতে একাধিক ক্যামেরা দেয়া হচ্ছে। ডিভাইসের ডিজাইন ও সৌন্দর্যের কথা বিবেচনায় তাই বামদিকেই ক্যামেরা বসানো হয়।
অ্যাপল কোম্পানি প্রথমবারের মতো এ ডিজাইন চালু করে। এটি শুধু স্মার্টফোনের সৌন্দর্যই বাড়ায় না, বরং ছবি ও ভিডিওর কাজকেও সহজ করে তোলে। স্মার্টফোনের বামদিকে ব্যাক ক্যামেরা রাখার পেছনেও নানা কারণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হলো ল্যান্ডস্কেপ মোড। মূলত যখন ল্যান্ডস্কেপ মোডে ছবি তোলা হয়, তখন যাতে ক্যামেরায় আঙুল স্পর্শ না করে, সেজন্য বামদিকে বসানো হয়।
না হয় আঙুলের স্পর্শের কারণে ক্যামেরার লেন্স ঝাপসা হয়ে যাওয়ার সমস্যা তৈরি হয়।



















