সাধারণত কোনো ই-মেইল এলে বার্তা লিখে বা ফাইল যুক্ত করে এর উত্তর দেয়া হয়। এখানে ইমোজি বা অন্য কিছু যুক্ত করা যেত না। তবে শিগগিরই জি-মেইলে আসা ই-মেইলের উত্তর দেয়ার জন্য ইমোজি ব্যবহারের সুবিধা চালু হতে যাচ্ছে। অ্যাপল ডিভাইসের জি-মেইল অ্যাপে লুকানো কোড থেকে এ তথ্য পাওয়া গেছে। খবর গিজচায়না।
ই-মেইলের উত্তরে কেনো ইমোজি ব্যবহার করা হবে—এমন প্রশ্ন ওঠাও স্বাভাবিক। প্রাতিষ্ঠানিক ই-মেইলের উত্তর হয়তো লিখেই দিতে হবে। কিন্তু বন্ধু বা পরিবারের সদস্যদের কোনো ই-মেইলের উত্তরে ইমোজি ব্যবহার করে সহজেই মনের ভাব বোঝানো যাবে। এতে সময়ও কম লাগবে। ইমোজির মাধ্যমে যেকোনো কাজের জন্য বাহবা দেয়া বা হাস্যকর বিষয় বোঝানো যায়। তবে সবসময় ইমোজি ব্যবহার করা ভালো না।
ইমোজি ফিচারটি একেবারে নতুন নয়। আউটলুক ই-মেইলে মাইক্রোসফট এরই মধ্যে এমন ফিচার দিয়েছে। সেখানে স্মাইলি ফেসে চাপ দিয়ে আরো ছয়টি ইমোজি পাওয়া ও ব্যবহার করা যাবে। এর মাধ্যমে ই-মেইলের উত্তরে নিজের অনুভূতির কথা জানানো যাবে। জি-মেইলে ইমোজি ব্যবহারের এ ফিচারটি কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত করা হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। এছাড়া অ্যাপল ও অ্যান্ড্রয়েড প্লাটফর্মের ব্যবহারকারীদের জন্য একই সময়ে ফিচারটি আসবে কিনা সেটিও নিশ্চিত নয়।


















