দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে থাকার পর দেশে ফিরেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আজ সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) দেশে ফেরার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শাকিব। বড় ছেলে জয়ের যুক্তরাষ্ট্র সফরে বাবা-ছেলের সুন্দর মুহূর্ত কাটানো সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা থাকবেই- এটলিস্ট। আপনার সন্তানের প্রতিও আপনার ভালোবাসা থাকে।’
শাকিব বলেন, ‘বাবা হিসেবে আমি সবসময় চাই যে, আমার সন্তানদের…! জয় গেছে, তাকে একটা সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি। সামনে শেহজাদ খান বীর যাবে, তাকেও একটা সুন্দর মেমোরি দেব, ইনশাআল্লাহ- সো এটি থাকবেই।’
এদিকে দেশে ফিরে শাকিব দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সংসারে থাকা সন্তান ছেলে বীরকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কথা বলায় নেটিজেনরা ধারণা করছেন- আগামীতে এ নায়ক যুক্তরাষ্ট্রে গেলে সেখানে ছেলে বীরকে নিয়ে পাড়ি দেবেন চিত্রনায়িকা বুবলী। সেই সময় ছেলে বীরকে নিয়ে একসঙ্গে ঘুরে ফিরবেন শাকিব-বুবলী জুটি। কেননা, বড় ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটাতে দেখা গেছে শাকিব-অপুকে। তবে এ বিষয়ে বুবলীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ছোট ছেলে বীরকে নিয়ে কখন, কীভাবে যুক্তরাষ্ট্রে সময় কাটাবেন বাবা শাকিব, সেটি এখন দেখার অপেক্ষা ভক্তরা।



















