ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৬:২৩ অপরাহ্ন

কানাডায় সংবাদ দেখাবে না মেটা

কানাডার পার্লামেন্টে সম্প্রতি নতুন একটি অনলাইন সংবাদ বিল পাস হয়েছে। এর প্রতিক্রিয়ার অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মালিকানা প্রতিষ্ঠান মেটা দেশটিতে সংবাদ প্রকাশ সীমিত করার পদক্ষেপ নিয়েছে। খবর বিবিসি নিউজ।

নতুন আইনের অধীনে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো প্লাটফর্মে যেসব সংবাদ প্রকাশ করে থাকে সেগুলোর জন্য প্রকাশনা সংস্থাগুলোকে ফি দেয়ার কথা বলা হয়েছে। এরই মধ্যে মেটা এবং গুগল উভয় প্রতিষ্ঠানই কানাডার অধিবাসীদের খবরে প্রবেশাধিকার সীমিত করতে কাজ করছে বলে সূত্রে জানা গেছে।

২০২১ সালে অনুরূপ আইনের প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ার ব্যবহারকারীদের ফেসবুকে খবর শেয়ার করা বা দেখা বন্ধ করে দিয়েছিল ফেসবুক। মেটা ও গুগলের মতো প্লাটফর্মগুলো সংবাদ সংস্থাগুলোকে তাদের কনটেন্টের জন্য অর্থ প্রদান করার জন্য বাণিজ্যিক চুক্তির বিষয়ে আলোচনায় বসতে হবে বলে সম্প্রতি সিনেটে পাস হওয়া বিলে এমন তথ্য পাওয়া গেছে।

মেটার প্লাটফর্মগুলো বাস্তব কীভাবে কাজ করে সে বিষয়ে বিলটিকে মৌলিকভাবে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছে মেটা। বিল পাসের প্রতিক্রিয়াস্বরূপ কানাডার ফেসবুক ব্যবহারকারীদের ফিডে সংবাদপ্রাপ্যতা কমিয়ে দেয়া হবে। বিলটি আইনে কার্যকর হওয়ার আগ পর্যন্ত ব্যবহারকারীদের এ সুবিধা থেকে বিরত রাখা হবে বলে ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া বিবৃতিতে মেটার এক মুখপাত্র বলেন, ‘আমরা যেসব লিংক বা বিষয়বস্তু পোস্ট করি কিংবা বড়সংখ্যক ব্যবহারকারী যেজন্য আমাদের প্লাটফর্মগুলো ব্যবহার করে না এ আইন কাঠামোটি আমাদের তাই করতে বাধ্য করছে। এটি কার্যকরও না টেকসইও না।’ তবে নতুন আইনের প্রতিক্রিয়ায় গৃহীত পদক্ষেপের কারণে অন্যান্য পরিষেবা গ্রহণে কোনো সমস্যা হবে না বলে সূত্রে জানা গেছে।

গুগল বিলটিকে বর্তমান অবস্থায় অকার্যকর বলে অভিহিত করেছে। বিলটির কারণে সংবাদমাধ্যমগুলো বছরে ৩২ কোটি ৯০ লাখ কানাডিয়ান ডলার (২৫ কোটি ডলার) আয় করতে পারে বলে জানিয়েছে একটি স্বাধীন বাজেট পর্যবেক্ষণকারী সংস্থা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ