ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ৬:০৩ পূর্বাহ্ন

পোল্যান্ডে ৪৬০ কোটি ডলার বিনিয়োগ করবে ইন্টেল

ইউরোপে চিপ উৎপাদন কেন্দ্র স্থাপনে বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে ইন্টেল। এর অংশ হিসেবে পোল্যান্ডের রোক্লতে নতুন সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি ও পরীক্ষণ কেন্দ্র স্থাপনে ৪৬০ কোটি ডলার বিনিয়োগ করবে কোম্পানিটি। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের চিপ উৎপাদনকারী কোম্পানিটি গত বছর জার্মানিতে বড় কারখানা স্থাপনের পাশাপাশি আয়ারল্যান্ড ও ফ্রান্সেও পরিধি বাড়ানোর কথা জানিয়েছিল। ইউরোপীয় কমিশন অর্থায়নের যে সুবিধা ও ভর্তুকি দেয়ার কথা জানিয়েছে সে সুবিধা পেতেই এ উদ্যোগ। যুক্তরাষ্ট্র ও এশিয়ার সরবরাহের ওপর নির্ভরতা কমাতে চেষ্টা চালাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, পোল্যান্ডে যে কারখানা স্থাপন করা হবে এর মাধ্যমে দুই হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এছাড়া অবকাঠামো নির্মাণের সময় ও সরবরাহকারীদের নিয়োগের মাধ্যমে আরো কয়েক হাজার অতিরিক্ত কর্মসংস্থান তৈরি হবে। ইন্টেলের প্রধান নির্বাহী প্যাট গেলসিঙ্গার বলেন, ‘‌কারখানা স্থাপনের চুক্তি লাভে পোল্যান্ড বেশি আগ্রহী ছিল।’

বিশ্বের বিভিন্ন দেশ বর্তমানে ইন্টেলের বিনিয়োগ লাভে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে জার্মানিও রয়েছে। দেশটি এরই মধ্যে ইন্টেলের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছে এবং বর্তমানে ভর্তুকি প্রদানের বিষয়ে আলোচনা করছে। হ্যান্ডেলসব্ল্যাট সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জার্মান সরকার ও ইন্টেল ১ হাজার ৮৩ কোটি ডলার ভর্তুকি প্রদানের বিষয়ে চূড়ান্ত আলোচনায় রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ