ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১:০৯ পূর্বাহ্ন

সোশ্যাল মিডিয়ায় পরিচয় যাচাই বাধ্যতামূলক

সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য পরিচয় যাচাই বাধ্যতামূলক করেছে ভিয়েতনাম। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ভয়েস অব ভিয়েতনাম সম্প্রতি জানিয়েছে, অনলাইন জালিয়াতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় ও বিদেশী উভয় প্লাটফর্মের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য পরিচয় যাচাই করা বাধ্যতামূলক করার প্রস্তুতি চলছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মধ্যেই এ পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। এটি টেলিযোগাযোগ আইন সংশোধনের একটি অংশ। এর মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নির্দিষ্ট অপরাধী খুঁজে বের করতে সক্ষম হবে।

ভিয়েতনামের ডেপুটি ইনফরমেশন মিনিস্টার নুয়েন থান লাম ভিওভিতে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘কখনো কখনো কর্তৃপক্ষ আইন লঙ্ঘনকারী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টধারীদের শনাক্ত করতে পারে। তবে তাদের খুঁজে বের করতে পারে না। কেননা এ অপরাধীরা সীমান্ত অতিক্রমকারী (ক্রস বর্ডার) অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকে।’

ফেসবুক, টিকটক, ইউটিউবের মতো স্থানীয় বা বিদেশী প্লাটফর্মের অ্যাকাউন্টগুলো এ আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ পদক্ষেপের আওতাভুক্ত হবে ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়ই। তবে বর্তমানে ভিয়েতনামে সব ধরনের প্লাটফর্মে পরিচয় যাচাইকরণ পদ্ধতি ব্যবহার হয় না। এছাড়া সর্বশেষ পরিকল্পিত আইনটি বাস্তবায়নের জন্য দেশটির আইনপ্রণেতার অনুমোদনের প্রয়োজন হবে। এ বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।

ভিয়েতনাম সাম্প্রতিক বছরগুলোয় সাইবার নিরাপত্তা আইনসহ বেশ কয়েকটি আইন জারি করেছে। এসব আইনের অধিকাংশই বিদেশী সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোকে উদ্দেশ্য করে। কেননা দেশটি ভুল তথ্য বা সংবাদ প্রচারের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করছে। এরই অংশ হিসেবে বিদেশী প্রযুক্তি কোম্পানিগুলোকে ভিয়েতনামে প্রতিনিধি কার্যালয় স্থাপন করতে এবং দেশের অভ্যন্তরে ডাটা সংরক্ষণে বাধ্য করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ