আজ থেকে ঠিক এক যুগ আগে (২ এপ্রিল ২০১১) ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। বিশ্বকাপ জয়ের যুগপূর্তির বছরে আরেকটি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশটি। আর সে উপলক্ষ্যে আসন্ন একদিনের বিশ্বকাপের লোগো সবার সামনে আনল আইসিসি।
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টটি ঘিরে উত্তাপ বাড়তে থাকার মধ্যেই প্রকাশ্যে এলো অফিসিয়াল লোগো। এবারের লোগোকে ‘নভরাসা’ নাম দেওয়া হয়েছে। সমর্থকদের আবেগকে মাথায় রেখে এই নাম দেওয়া হয়েছে বলে জানা গেছে। যে ৯ টি আবেগের কথা বলা হয়েছে তা হচ্ছে- আনন্দ, শক্তি, যন্ত্রণা, সম্মান, গর্ব, সাহসিকতা, গৌরব, বিস্ময় এবং আবেগ।
বিশ্বকাপের দৌরাত্ম শুরু হতে এখনও মোটামুটি ছয় মাসের মতো সময় বাকি। তার আগেই প্রকাশ্যে বিশ্বকাপের লোগো। যদিও এখনও পর্যন্ত বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করা হয়নি। সাধারণত বিশ্বকাপের এক বছর আগে সূচি প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের কিছু সমস্যার কারণে সূচি প্রকাশ করতে দেরি হচ্ছে। আর বিভিন্ন কারণে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এ প্রতিযোগিতা আয়োজনের অনুমতি পেতে দেরি হয়েছে বিসিসিআইয়ের। এর মধ্যে প্রধান দুইটি কারণ হলো— প্রতিযোগিতার কর ছাড় এবং পাকিস্তানের ক্রিকেটারদের ভিসার আবেদন মঞ্জুর।


















