যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হয়ে এক মাসেরও বেশি সময় ধরে কারাগারে আছেন ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজ। জামিনের জন্য আবেদন করলেও তা নামঞ্জুর করেছে স্পেনের একটি আদালত। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, বিচারক আলভেজের আবেদনে সাড়া না দিয়ে তাকে আবারও কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
গত ১০ জানুয়ারি বার্সেলোনার আদালত এক বিবৃতিতে জানায়, ৩৯ বছর বয়সী আলভেজ ২০২২ সালের ডিসেম্বরে এক নাইটক্লাবে এক নারীকে যৌন হয়রানি করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। সাবেক বার্সেলোনা তারকা অবশ্য শুরু থেকেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
স্পেনের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ডিসেম্বরে একটি নাইটক্লাবে বন্ধুদের সঙ্গে ছিলেন ওই নারী। সম্মতি ছাড়াই আলভেজ তার অন্তর্বাসের নিচের দিকে স্পর্শ করেন। বার্সা ইউনিভার্সাল তাদের টুইটের নিচে আরেকটি মন্তব্য করে। সেখানে বলা হয়, ওই নারী অভিযোগ করেছেন আলভেজ তাকে চড় মারেন এবং নাইট ক্লাবের বাথরুমে নিয়ে ধর্ষণ করেন।
প্রসঙ্গত, অভিযোগের বিষয়ে কথা বলতে ২০ জানুয়ারি বার্সেলোনার একটি পুলিশ স্টেশনে গিয়েছিলেন আলভেজ। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে স্পেনের একটি আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেয়।



















