ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

আইওএসে পিআইপি সুবিধা চালু হোয়াটসঅ্যাপের

হোয়াটসঅ্যাপের আইওএস ভার্সনে আপডেটের অংশ হিসেবে বিভিন্ন ফিচার যুক্ত করছে মেটা। এর অংশ হিসেবে এবার এ প্লাটফর্মের ব্যবহারকারীদের জন্য পিকচার-ইন-পিকচার যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। খবর এনগ্যাজেট।

হোয়াটসঅ্যাপ মেসেজিং সেবার ২৩.৩.৭৭ সংস্করণে পিকচার-ইন-পিকচার নামে পরিচিত ফিচারটি যোগ করা হয়েছে বলে নাইনটুফাইভম্যাক সূত্রে জানা গেছে। মেটা মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটির আইওএস সংস্করণের ফিচারটি চালুর জন্য দীর্ঘদিন থেকে ব্যবহারকারীরা অনুরোধ জানিয়ে আসছিল।

দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের শেষে নতুন এ ফিচারের পরীক্ষা শুরু করে কোম্পানিটি। অন্যান্য প্লাটফর্মের পিআইপি মোডের মতোই, অন্য কোনো অ্যাপ খুঁজে দেখার সময় ব্যবহারকারীর ভিডিও কল মিনিমাইজ করে দেবে হোয়াটসঅ্যাপ। এর ফলে ভিডিও চ্যাটিং চলাকালীন ইউজাররা একাধিক কাজ করার সুযোগ পাবে।

সব ব্যবহারকারীর কাছে ফিচারটি এখনো পৌঁছায়নি। এক বিবৃতিতে মেটা জানায়, সামনের সপ্তাহগুলোতে নতুন আপডেটে অন্যান্য ফিচারের সঙ্গে পিকচার-ইন-পিকচার (পিআইপি) ফিচারটি যুক্ত করে দেয়া হবে।

অন্যান্য ফিচারের মধ্যে নতুন এ আপডেটে ব্যবহারকারীর অ্যাপ থেকে পাঠানো বিভিন্ন ডকুমেন্টে ক্যাপশন যুক্ত করার সুবিধাও চালু হবে। পাশাপাশি, গ্রুপ চ্যাটিংয়ের বিভিন্ন সেটিংসেও পরিবর্তন আনছে মালিকানা প্রতিষ্ঠান মেটা। ফলে বিভিন্ন চ্যাটিং গ্রুপের কার্যক্রম ভালোভাবে বর্ণনার উদ্দেশ্যে তুলনামূলক দীর্ঘ বিষয় ও বিবরণী যোগ করার সুবিধা পাওয়া যাবে। এছাড়া ব্যবহারকারীর প্রোফাইল ফটো ও স্টিকার হিসেবে ব্যবহারের জন্যেও নতুন অপশন চালু করেছে মেসেজিং সেবাটি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ