ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ৮:২৭ অপরাহ্ন

কৃত্রিম বুদ্ধিমত্তার যুদ্ধে শামিল হচ্ছে কোরিয়ার কাকাও

তথ্যপ্রযুক্তির দুনিয়ায় হালের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটি উন্মুক্ত হওয়ার পর এআই প্রযুক্তি নিয়ে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে। সে দৌড়ে শামিল হয়েছে দক্ষিণ কোরিয়ার শীর্ষ মেসেজিং অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান কাকাও। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শিগগিরই কোরিয়ার ভাষাভিত্তিক এআই সেবা চালু করতে চাচ্ছে তারা, যেটিকে কেওজিপিটি নামে ডাকা হচ্ছে। খবর দ্য কোরিয়া হেরাল্ড।

কাকাও-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হং ইউন তায়েক বলেন, ‘‌কোরিয়ার ভাষাভিত্তিক বিশেষায়িত এ পরিষেবা দিয়ে বিশ্বের অন্য এআইগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামতে চান তারা। চ্যাটজিপিটির মতো হাইপারস্কেল এআই মডেল কাকাও-এর সামনে সম্ভাবনা ও সংকট দুটোই সৃষ্টি করেছে। এ বছরই কেওজিপিটি উন্মুক্ত করতে চায় কাকাও। সেই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের সক্ষমতাও বাড়াতে চায়। এ বছরই কেওজিপিটি উন্মুক্ত করার কথা থাকলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কাকাও কর্তৃপক্ষ। এছাড়া এ প্রকল্পে কী পরিমাণ বিনিয়োগ করা হচ্ছে সে বিষয়টি নিয়েও বিস্তারিত জানানো হয়নি।

২০২২ সালের অক্টোবরে কাকাওয়ের সহযোগী প্রতিষ্ঠান কাকাও ব্রেইন কোরীয় ভাষাভিত্তিক এআই মডেল বাজারে আনে। একই সঙ্গে এআই সম্পর্কিত বিভিন্ন পরিষেবাও উন্মুক্ত করা হয়। সবশেষ গত সপ্তাহে উন্মুক্ত হয় কারলো। যেখানে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রঙ ও আকৃতির ছবি সরবরাহ করতে সক্ষম।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ