নতুন একটি ফিচার আনছে জনপ্রিয় মেসেজিং প্ল্যার্টফর্ম হোয়াটসঅ্যাপ। শিগগিরই নিজস্ব ক্যামেরা মোড আনছে হোয়াটসঅ্যাপ। এখন থেকে ক্যামেরা মোড চালু করে ব্যবহারকারীরা ঝকঝকে ছবি তুলতে পারবেন।
এ সুবিধা ছাড়াও ক্যামেরার মাধ্যমে যখন ইচ্ছা স্টিল ও ভিডিওতে যাতায়াত করতে পারবেন গ্রাহকেরা। ভিডিও রেকর্ড করার জন্য আর ট্যাপ বাটনটি চেপে ধরে রাখতে হবে না ব্যবহারকারীর। মোবাইলের ক্যামেরার মতোই একটা সিঙ্গেল ট্যাপেই শুরু হয়ে যাবে ভিডিও রেকর্ডিং। এমনকী ক্যামেরা মোড থেকে সেলফি মোডে যাওয়া আসাও করা যাবে এক ক্লিকেই।
নতুন এই ফিচারের মাধ্যমে ইউজাররা হ্যান্ডস ফ্রি ভিডিও রেকর্ডিংয়ের সুযোগ পাবেন। তবে তার জন্য হোয়াটসঅ্যাপের অ্যানড্রয়েড ২.২৩.২.৭৩ আপডেটটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে ইউজারদের। তবেই নতুন ক্যামেরা মোডের অ্যাকসেস পাবেন গ্রাহকেরা।
তবে এই সুবিধা শুধুমাত্র অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্যই আসছে। অর্থাৎ আইফোন ব্যবহারকারী ইউজাররা এই সুযোগ থেকে বঞ্চিত হতে চলেছেন। ওয়াবেটা ইনফো এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
ওয়াবেটা ইনফো জানিয়েছে, অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন আপডেটে এই ফিচার চালু হবে। ইতিমধ্যে হোয়াটসঅ্যাপের বেটা টেস্টাররা এই ফিচার উপভোগ করছেন। শিগগিরই ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হবে।



















