ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ৫:১৪ অপরাহ্ন

চুরি হওয়া সেলফোনের ছবি-ভিডিও রক্ষায় করণীয়

নিত্যদিনের সঙ্গী এখন স্মার্টফোন। কথা বলা থেকে শুরু করে ছবি তোলা, ভিডিও ধারণ, ইন্টারনেট ব্রাউজিং সবই এখন সেলফোনের মাধ্যমে করা যায়। তবে অসতর্কতার কারণে বা দুর্ঘটনাবশত অনেক সময় শখের এ ডিভাইস চুরি হয়, হারিয়ে যায়। আর তখন সেলফোনে থাকা ব্যক্তিগত তথ্য, ছবি-ভিডিও নিয়ে দুশ্চিন্তা বাড়তেই থাকে। ব্যক্তিগত ছবি, ভিডিও রক্ষায় কিছু পথ অবলম্বন করলে দুশ্চিন্তা কমিয়ে আনা সম্ভব। সে উপায়গুলো জানিয়েছে ইন্ডিয়া টুডে।

স্মার্টফোন হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে কয়েকটি কাজ করতে হবে।

প্রথমেই টেলিকম অপারেটর বা যে সিম ব্যবহার করা হচ্ছে সে প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে। এরপর ব্যবহূত নম্বরের আউটগোয়িং পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেয়ার আবেদন করতে হবে।

ডিভাইসটি যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে গুগল থেকে অ্যান্ড্রয়েড ফাইন্ড সার্চ করে সেখানে প্রবেশ করতে হবে। এরপর ইউজারনেম-পাসওয়ার্ড ব্যবহার করে গুগল অ্যাকাউন্টে প্রবেশ করার পর সেলফোনের সব তথ্য ও অবস্থান দেখানো হবে। সেখানে সেটআপ সিকিউর অ্যান্ড ইরেজ অপশনটি বেছে নিতে হবে এবং হারিয়ে যাওয়া বা চুরি হওয়া স্মার্টফোনের সব তথ্য মুছে দিতে হবে।

আইওএস অপারেটিং সিস্টেমের ডিভাইস বা আইফোন হলে আইক্লাউড সার্চ করে প্রবেশ করতে হবে। এরপর আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করলে ডিভাইসের তালিকা সামনে আসবে। সেখানে হারিয়ে যাওয়া ফোনের মডেল নির্বাচন করে সব ধরনের তথ্য মুছে দিতে হবে।

তথ্য, ছবি-ভিডিও মুছে দেয়ার পর সাইট থেকে ডিভাইসটি ব্লক করে দিতে হবে। এতে পুনরায় সে ডিভাইস থেকে কোনো ধরনের তথ্য হাতিয়ে নেয়ার সুযোগ থাকবে না। পাশাপাশি ডিভাইসে ব্যবহূত সিম কার্ডটি বন্ধ করে দেয়ার জন্য প্রতিষ্ঠানকে জানাতে হবে। অনেকে এটির প্রয়োজন নেই বলে মনে করে। কিন্তু এতে নানা অপকর্ম সংঘটিত হওয়ার আশঙ্কা থাকে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ