শুরু ৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে বিপিএলের নবম আসর। এবার বিপিএলের প্রথম কয়েক ম্যাচে সফলতা পাননি লিটন দাস।
তবে গতকাল মঙ্গলবারের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খেলে ম্যাচসেরা হয়েছেন তিনি। এক ইনিংসে ৪২ বলে ৭০ রান করেন লিটন। ম্যাচসেরা হওয়ার পরে সংবাদ সম্মেলনেও আসেন লিটন।
সংবাদ সম্মেলনে তারকা এ ব্যাটারের কাছে নিজের ব্যাটিং দেখেন কি না- এ সম্পর্কে প্রশ্ন করা হয়?
জবাবে খানিক চুপ থাকার পর লিটন বললেন, ‘দেখি…কিন্তু দেখে মনে হয় কী ব্যাটিং করে…। একেকজনের ভিউ একেক রকম থাকে। আমার কাছে মনে হয় আরও ভালো করার সুযোগ আছে (ব্যাটিংয়ে)।’
এর আগের ম্যাচেও ২২ বলে ৪০ রান করেছিলেন লিটন। এবার করলেন ৭০, এমন রান করার প্রস্তুতি আসলে কেমন?

লিটন বলছেন, ‘দেখেন, প্রতিটা ক্রিকেটারই তো কিছু না কিছু দিকে হার্ড ওয়ার্ক করে। অবশ্যই আমারও হার্ড ওয়ার্ক আছে। আমার মনে হয় মাইন্ড সেট-আপ ও খেলায় জড়িয়ে থাকা নিজে থেকে…। যেমন ধরেন, আপনি যখন আন্তর্জাতিক ম্যাচ খেলবেন, নিজের নামের পেছনে অনেক কিছু থাকে। পারফর্ম করতে হবে, না করলে দল থেকে বাদ পড়ার সুযোগ থাকে। মিডিয়া, ফ্যানস, এমনকি পরিবারের সদস্যরাও আপসেট থাকে খারাপ করলে।’
লিটন যোগ করে বলেন, ‘যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলি, যখনই মাঠে নামি, তখনই চিন্তা থাকে- আজকে যদি নামি, একটা ইনিংস খারাপ করি, তাহলে একটা ইনিংস চলে গেল। সবাই তো ফলো করে স্ট্যাটটা, ক্রিকইনফোর যে… (প্রোফাইল) ফলো করে, ওই জিনিসটা যখন খারাপ থাকে। নিজের কাছেও দেখতে খারাপ লাগে। ওটাও সবসময় অনুপ্রাণিত করে ভালো খেলতে হবে।’


















