চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী ফোল্ডেবল ফোন বিক্রি ৬৩ শতাংশ বেড়েছে। অন্যান্য সেগমেন্টের স্মার্টফোন বিক্রি কমলেও সবচেয়ে উজ্জ্বল ছিল ফোল্ডেবল সেগমেন্টটি। কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, জুলাই থেকে সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ফোল্ডেবল ফোন বিক্রি ৬৩ শতাংশ বেড়ে ৬০ লাখ ৮০ হাজার ইউনিটে দাঁড়িয়েছে। বিশ্বজুড়ে স্মার্টফোন বাজারে স্থবিরতা বিরাজ করলেও চাঙ্গা ছিল ফোল্ডেবল ফোন খাত। তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বিক্রির ২ শতাংশ হিস্যা ছিল ফোল্ডেবল ফোনের। গত বছরের একই প্রান্তিকে এ হিস্যা ছিল ১ দশমিক ১ শতাংশ।
গত প্রান্তিকে ফোল্ডেবল ফোনের চাঙ্গা বিক্রিতে প্রধান ভূমিকা ছিল স্যামসাংয়ের গ্যালাক্সি জি ফোল্ড ৪ স্মার্টফোনের। এছাড়া চীনা কোম্পানিগুলোর বিভিন্ন ফোল্ডেবল ফোন উন্মোচনও এতে প্রভাব রেখেছে।
ফোল্ডেবল ফোন সেগমেন্টে একচ্ছত্র আধিপত্য স্যামসাংয়ের থাকলেও অন্যান্য কোম্পানি এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। সাশ্রয়ী ও হাই-স্পেক ফোনের মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করতে চাচ্ছে তারা।
শিল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনর ম্যাজিক নামে নিজেদের দ্বিতীয় ফোল্ডেবল ফোন আনছে চীনা কোম্পানি অনর। ফোল্ডেবল এ ফোন দেখতে অনেকটা স্যামসাংয়ের গ্যালাক্সি জি সিরিজের মতো এবং এটি স্টাইলাস পেন সাপোর্ট করে। এছাড়া পকেট এস ও ভিভো এক্স ফোল্ড প্লাস নামে দুটি ফোল্ডেবল ফোন এনেছে আরেক চীনা জায়ান্ট হুয়াওয়ে ও ভিভো।



















