ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

মেটার সঙ্গে প্রতিযোগিতায় এইচটিসির নতুন হেডসেট

কয়েক বছর ধরে গ্রাহক পর্যায়ে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের বাজারে শীর্ষে রয়েছে মেটা ও সনি। তবে সহজেই হাল ছাড়ছে না এইচটিসি। শিগগিরই বাজারে নতুন এআর বা ভিআর হেডসেট আনবে প্রতিষ্ঠানটি। খবর টেকরাডার।

অক্টোবরে প্রকাশিত এক টিজারের তথ্যানুযায়ী, আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সিইএস সম্মেলনে নতুন একটি হেডসেট দেখাবে এইচটিসি। কোনো কম্পিউটার বা স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা ছাড়াই এটি ব্যবহার করা যাবে বলে দাবি প্রতিষ্ঠানটির। নতুন ডিভাইসটির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া না গেলেও বিবৃতির তথ্যানুযায়ী এটি মেটার কোয়েস্ট প্রোর পাশাপাশি পিকো ৪ ও অকুলাস কোয়েস্ট ২-এর সঙ্গে প্রতিযোগিতা করবে।

নতুন ভার্চুয়াল বা অগমেন্টেড রিয়েলিটি হেডসেটের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দিলেও এর বাজারজাতের বিষয়টি নিশ্চিত করেছেন তাইওয়ানভিত্তিক কোম্পানিটির পণ্য প্রধান শেন ই।

২০১৯ সালে রিফট হেডসেটের প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাইভ কসমোস হেডসেট উন্মোচন করেছিল এইচটিসি। ওজনে হালকা ও স্ট্যান্ডঅ্যালোন হেডসেট হিসেবে ডিভাইসটি বাজারজাত করেছিল কোম্পানিটি। কিন্তু ট্র্যাকিং ত্রুটির কারণে বেশিদিন বাজারে অবস্থান ধরে রাখতে পারেনি।

দ্য ভার্জ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নতুন হেডসেটের ক্যামেরা বাইরের দিকে ঘোরানো থাকবে। মিক্সড রিয়েলিটি অভিজ্ঞতার জন্য কালার পাসথ্রু প্রযুক্তিও এতে ব্যবহার করা হয়েছে। আর ব্যবহারকারীর চারপাশের পরিবেশ ম্যাপিংয়ের জন্য আছে ডেপথ সেন্সর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ