ঢাকা, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন

ফাইন্যান্স কোম্পানীর নামে শতকোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

প্রতি লাখে মাসিক ১৫০০ টাকা লাভ দেয়ার প্রলোভন দে‌খি‌য়ে প্রায় ১১০০ মানুষের কাছ থেকে শত কোটি টাকা আত্মসাৎ করা দুই প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হ‌লেন- মো. মনির আহমেদ (৫১) এবং মো. সাইফুল ইসলাম।

আহমেদিয়া ফাইন্যান্স আ্যান্ড কমার্স এমসিএস লিমি‌টেড নামক একটি কোম্পানী খুলে দীর্ঘদিন ধ‌রে এমন প্রতারণা কর‌ছি‌লেন তারা।

গ্রেপ্তারকৃত‌দের বিষ‌য়ে বিস্তা‌রিত জানা‌তে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আ‌য়োজন ক‌রে ডি‌বি। এ সময় ডিএম‌পির অ‌তি‌রিক্ত ক‌মিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, অধিক লাভের প্রলোভনে আহমদিয়া ফাইন্যান্সে গ্রাহকরা টাকা জমা রাখার পর কয়েক মাস পর্যন্ত নিয়মিত লভ্যাংশ পেত। এরপর প্রতারকরা তালবাহানা করে গ্রাহকদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এবং প্রতিষ্ঠান বন্ধ করে উধাও হয়ে যায়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবা‌দে জানা যায়, লাভের আশায় রাখা গ্রাহকদের সঞ্চয়ের টাকা এই প্রতারক চক্র আহমেদিয়া এ্যাপার্টমেন্ট এন্ড বিল্ডার্স এবং ইউরোস্টার হোম এ্যাপ্লায়েন্স কোম্পানিতে সরিয়ে নেয়। এই ঘটনায় ডিএমপি’র কাফরুল থানায় একটি প্রতারণার মামলা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ মামলাটি অধিগ্রহণ করে প্রতারকদের শনাক্ত করে গ্রেপ্তার করে।

দুই প্রতারককে গ্রেপ্তারের খবর পেয়ে প্রতারিত প্রায় শতাধিক গ্রাহক ডিবি কার্যালয়ের সামনে অবস্থান নেন৷ তাদের একজন জলিল পেশায় তৈরী পোশাক কারখানার শ্রমিক।

তিনি বলেন, দুই দফায় দেড় লাখ টাকা সঞ্চয় রেখেছিলাম এই কোম্পানিতে। কিন্তু লাভের টাকা পেয়ে মূল টাকা চাইতে গেলে তারা আমাকে হুমকি-ধামকি দিয়ে ঘার ধরে বের করে দেয়৷ আমার দুইটা মেয়ে অসুস্থ, তাদের চিকিৎসা করাতে পারছিলাম না। উপায় না পেয়ে তাদের কাছে মেয়ের চিকিৎসা করানোর জন্য ত্রিশ হাজার টাকা চেয়েছিলাম হাতে-পায়ে ধরে তবুও তাদের মন গলে নাই। চিকিৎসার অভাবে আমার একটা মেয়ে মারাই গেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ