ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ৪:২৯ অপরাহ্ন

এলসি বার্তায় ‘বার্তা’ চালু

স্থানীয় ঋণপত্রের (এলসি) তথ্য আদান-প্রদানে কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বার্তা’ চালু করল বাংলাদেশ ব্যাংক। শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে প্ল্যাটফর্মটির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

‘বার্তা’র পুরো নাম বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকগুলো মাস্টার এক্সপোর্ট এলসি বা চুক্তির বিপরীতে স্থানীয় ও ব্যাক-টু-ব্যাক এলসির তথ্য একটি কেন্দ্রীয় ব্যবস্থায় তাৎক্ষণিকভাবে আদান-প্রদান করতে পারবে। এতে বছরে প্রায় ৬০–৭০ লাখ ডলার লেনদেন খরচ সাশ্রয় হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বর্তমানে এলসির বার্তা আদান-প্রদানে সুইফট ব্যবস্থা ব্যবহৃত হয়। প্রাথমিকভাবে সুইফটের পাশাপাশি ‘বার্তা’ চলবে। তবে প্ল্যাটফর্মটি পুরোপুরি কার্যকর ও স্থিতিশীল হয়ে উঠলে স্থানীয় এলসির ক্ষেত্রে পর্যায়ক্রমে সুইফটের ব্যবহার তুলে দেওয়া হবে।

সর্বোচ্চ সাইবার নিরাপত্তা নিশ্চিত করে তৈরি করা হয়েছে ‘বার্তা’। এতে রয়েছে এনক্রিপ্টেড সংযোগ, দ্বিস্তর যাচাইকরণ (টু-ফ্যাক্টর অথেনটিকেশন) ও বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। এপিআইভিত্তিক যাচাই, টোকেনভিত্তিক প্রবেশাধিকার, এনক্রিপ্টেড ভিপিএন, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন ও আধুনিক ফায়ারওয়াল ব্যবহার করা হয়েছে। বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে তথ্য আদান-প্রদানের জন্য থাকছে একটি নির্দিষ্ট সুরক্ষিত আইটি নেটওয়ার্ক। প্রতিটি লেনদেন সম্পন্ন হবে তিন স্তরের অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা শুধু পর্যবেক্ষণের সুবিধা পাবেন; কোনো তথ্য পরিবর্তন করতে পারবেন না।

গভর্নর জানান, ‘বার্তা’ চালুর ফলে ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প উপকৃত হবে, রপ্তানি আরও গতিশীল হবে এবং রপ্তানি পণ্যে দেশীয় মূল্য সংযোজন বাড়বে। ডিমড এক্সপোর্টে অনাদায়ী রপ্তানি আয়ের পরিমাণও কমবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া মুদ্রাস্ফীতি কিছুটা কমে আসায় নীতি সুদহার ইতিমধ্যে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৯ দশমিক ৫ শতাংশ করা হয়েছে বলে জানান গভর্নর; পরিস্থিতি অনুকূলে থাকলে আরও কমানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে। বৈদেশিক মুদ্রাবাজারে স্বচ্ছতা আনতে আগামী এক মাসের মধ্যে স্বয়ংক্রিয় নিলাম ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। এলসি সংক্রান্ত নথি ডিজিটাল পদ্ধতিতে আদান-প্রদান শুরু হলে কয়েক দিন বা সপ্তাহের বদলে প্রায় এক মিনিটেই নথি পৌঁছে যাবে, এতে কুরিয়ার খরচ ও বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন