ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

জাপোরিঝিয়ায় রুশ হামলায় নিহত ২

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাতের হামলায় দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২২ জন। আহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় একটি পাঁচতলা আবাসিক ভবন আংশিক ধ্বংস হয়ে গেছে।

জাপোরিঝিয়া আঞ্চলিক প্রতিরক্ষা পরিষদের সহপ্রধান ইভান ফেদোরভ জানান, রাতের হামলায় বহুতল ভবন, ব্যক্তিগত বাড়িঘর, যানবাহন ও পরিবহন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনের জানালা ভেঙে গেছে, চারদিকে ছড়িয়ে আছে ধ্বংসস্তূপ।

আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মিখাইলো সেমিকিন জানিয়েছেন, একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং পাঁচতলা ভবনটির একাংশ ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে একজন নারীর অবস্থা গুরুতর; তিনি বিস্ফোরণে আঘাত ও মাথায় গুরুতর জখম পেয়েছেন।

পরে আহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়ায় বলে জানান ফেদোরভ। আহতদের মধ্যে রয়েছে একটি শিশু, ছয় বছর বয়সী এক বালক ও ১৬ বছর বয়সী এক কিশোরী।

এদিকে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের সুমি অঞ্চলে ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র, স্টারলিংক স্যাটেলাইট টার্মিনাল ও সামরিক স্থাপনায় আঘাত হেনেছে। তবে এ দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি। রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষই বেসামরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন