ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (২২ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান। হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে তিনি অবিলম্বে দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান।
জামায়াত আমির লেখেন, একটার পর একটা পতিত ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম নিষ্ক্রিয়তা ও উদাসীনতাই এর জন্য প্রধানত দায়ী। এ ব্যাপারে সরকার সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত হিসেবে চরম মূল্য দিতে হবে। এভাবে আর নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।
এর আগে, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। ঘটনার সময় বাড়িতে তার বাবা-মা অবস্থান করছিলেন। বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা করা হয়েছিল বলে জানান তিনি। এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই নেভানো সম্ভব হয়।
সাদিক কায়েমের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘরের দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা করা হলেও দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।



















