চলতি অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ এসেছে সৌদি আরব থেকে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ দেশভিত্তিক পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।
জুলাই থেকে অক্টোবর—এই চার মাসে মোট রেমিট্যান্সের ৮৫ দশমিক ২৮ শতাংশ এসেছে শীর্ষস্থানীয় ১০টি দেশ থেকে। এই দেশগুলো থেকে প্রবাসীরা পাঠিয়েছেন ৯৭৭ কোটি ৮৭ লাখ ডলার।
দেশভিত্তিক হিসাবে শীর্ষে রয়েছে সৌদি আরব। সেখান থেকে এসেছে ২১৯ কোটি ৮৫ লাখ ডলার, যা মোট প্রবাসী আয়ের প্রায় ১৯ দশমিক ২ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য—সেখান থেকে এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার। তৃতীয় যুক্তরাষ্ট্র থেকে ১০৫ কোটি ৩৫ লাখ ডলার এবং চতুর্থ সংযুক্ত আরব আমিরাত থেকে ১০২ কোটি ৬৬ লাখ ডলার এসেছে।
তালিকার পঞ্চম স্থানে রয়েছে মালয়েশিয়া, সেখান থেকে এসেছে ৯০ কোটি ২০ লাখ ডলার। এছাড়া ইতালি থেকে ৭৬ কোটি ৯৫ লাখ, কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ, ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ, সিঙ্গাপুর থেকে ৫৫ কোটি ৫ লাখ এবং কাতার থেকে ৪৯ কোটি ৫০ লাখ ডলার এসেছে।
শীর্ষ ১০ দেশের মধ্যে পাঁচটিই মধ্যপ্রাচ্যের। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান ও কাতার থেকে চার মাসে এসেছে ৪৮৮ কোটি ৬৬ লাখ ডলার—মোট রেমিট্যান্সের ৪২ দশমিক ৬ শতাংশ। ফলে অঞ্চলটিতে চলমান সংঘাত দীর্ঘায়িত হলে দেশের প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার সরবরাহে দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

তবে সৌদি আরব থেকে তাৎক্ষণিকভাবে রেমিট্যান্স কমে যাওয়ার আশঙ্কা তুলনামূলক কম বলে মনে করেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। তাঁর মতে, নতুন কর্মীরা বিদেশে যাওয়ার পর অর্থ পাঠাতে সাধারণত কিছুটা সময় নেন। তবে সংকট দীর্ঘস্থায়ী হলে সৌদি আরবের অর্থনীতি, বিনিয়োগ ও শ্রমিকের চাহিদা ক্ষতিগ্রস্ত হতে পারে; বিশেষ করে নির্মাণ খাতে কর্মসংস্থান কমে গেলে বাংলাদেশি কর্মীদের আয়েও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
মাসভিত্তিক হিসাবে শীর্ষ ১০ দেশ থেকে জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ২৪৬ কোটি ৬৫ লাখ ডলার। আগস্টে তা বেড়ে ২৫১ কোটি ৫৫ লাখ ডলারে দাঁড়ায়। সেপ্টেম্বরে কমে ২৩৪ কোটি ৫ লাখ ডলার হলেও অক্টোবরে আবার বেড়ে হয়েছে ২৪৫ কোটি ৬২ লাখ ডলার। অর্থাৎ সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে এসব দেশ থেকে প্রবাসী আয় বেড়েছে ১১ কোটি ৫৮ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সব দেশ মিলিয়ে অক্টোবর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৭ কোটি ৩৬ লাখ ডলার। এর আগের মাস সেপ্টেম্বরে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৭৬ কোটি ৬০ লাখ ডলার। প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে এবং সামগ্রিক অর্থনীতিকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


















