ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলা

হরমুজ প্রণালিতে ওমানের খাসাবের কাছে শনিবার সকালে এক ঘণ্টারও কম ব্যবধানে দুটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত প্রক্ষেপাস্ত্র আঘাত হেনেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে। দুটি ঘটনায়ই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রথম জাহাজটিতে আঘাত লাগে বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে, খাসাব থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে। প্রক্ষেপাস্ত্রটি জাহাজের পেছনের অংশে আঘাত করে। এর প্রায় ৫০ মিনিট পর দ্বিতীয় একটি ট্যাংকারে আঘাত লাগে খাসাব থেকে প্রায় ১৭ নটিক্যাল মাইল পূর্বে; সেটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। দুটি প্রতিবেদনে একই জাহাজের কথা বলা হয়েছে, নাকি দুটি আলাদা জাহাজের, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

ইউকেএমটিও জানিয়েছে, দুটি ঘটনায়ই পরিবেশগত ক্ষয়ক্ষতির বিষয়টি এখনো নিশ্চিত নয়। তদন্ত চলছে। সংস্থাটি ওই এলাকা দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক থাকার এবং সন্দেহজনক কিছু দেখলে জানানোর পরামর্শ দিয়েছে।

এর আগের দিন শুক্রবারও খাসাবের কাছে একটি ট্যাংকারে আঘাত লেগে আগুন ধরে যায়। ফলে দুই দিনে এ এলাকায় তিনটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটল।

খাসাব ওমানের মুসান্দাম উপদ্বীপে, হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থিত। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর থেকে এ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। সংঘাতের আগে বিশ্বের অপরিশোধিত তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন