ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৩:১৯ পূর্বাহ্ন

স্ক্রিনশট বন্ধ করল সিগন্যাল

এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ সিগন্যাল তাদের অ্যাপের ভেতরে স্ক্রিনশট নেওয়া বন্ধ করে দিচ্ছে। উদ্দেশ্য একটাই — ফোনের অপারেটিং সিস্টেমে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তার সহকারীদের হাত থেকে ব্যবহারকারীদের ব্যক্তিগত চ্যাট বাঁচানো। শুক্রবার (২০ নভেম্বর) এই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

সিগন্যালের প্রেসিডেন্ট মেরেডিথ হুইটেকার জানিয়েছেন, ফোনে এআই যুক্ত করার ধারা অ্যাপগুলোর পক্ষে ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করা ক্রমেই কঠিন করে তুলছে। অপারেটিং সিস্টেমের ভেতরে থাকা এআই সহকারী — যেমন অ্যাপলের সিরি এআই ও গুগলের জেমিনি — স্ক্রিনের ছবি তুলে সেখান থেকে লেখা পড়ে নিতে পারে। সেই পথটাই বন্ধ করতে চাইছে সিগন্যাল।

নতুন ব্যবস্থায় আইফোনে অ্যাপের ভেতরে স্ক্রিনশট বন্ধ থাকবে ডিফল্টভাবে। পাশাপাশি ‘ব্লক সিরি এআই’ নামে নতুন একটি সেটিং আসছে। অ্যান্ড্রয়েডে এআই সহকারী স্ক্রিন পড়ার চেষ্টা করলে স্বয়ংক্রিয়ভাবে চালু হবে ‘স্ক্রিন সিকিউরিটি’ সুবিধা। তবে সব অ্যান্ড্রয়েড সংস্করণে এই শনাক্তকরণ কাজ করবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ব্যবহারকারী চাইলে সেটিংস থেকে এই সুরক্ষা বন্ধ করে স্ক্রিনশট নিতে পারবেন। তবে সিগন্যাল সতর্ক করে বলেছে, এতে নিজের বার্তার পাশাপাশি পরিচিতদের পাঠানো বার্তাও এআইয়ের কাছে উন্মুক্ত হয়ে যেতে পারে।

উইন্ডোজে গত বছর থেকেই মাইক্রোসফটের রিকল সুবিধা থেকে বাঁচতে একই ধরনের স্ক্রিনশট বন্ধের ব্যবস্থা চালু রয়েছে। ম্যাক কম্পিউটারে নির্ভরযোগ্যভাবে স্ক্রিনশট আটকানোর উপায় না থাকায় সিরির সেটিংস থেকে সিগন্যালকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

সিগন্যাল নিজেই স্বীকার করেছে, স্ক্রিনশট বন্ধ করা পুরো সমাধান নয়। ডিভাইসের ফাইল ব্যবস্থার মধ্য দিয়ে এআই এখনো তথ্য পেতে পারে। তাই অ্যাপল, গুগল ও মাইক্রোসফটের কাছে ডেভেলপারদের জন্য এআইয়ের তথ্য সংগ্রহ থেকে পুরোপুরি বেরিয়ে থাকার নির্ভরযোগ্য উপায় চেয়েছে প্রতিষ্ঠানটি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন