খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়ের সুবিধা কার্যকরভাবে কাজে লাগাতে দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের এ নির্দেশনা পাঠানো হয়।
এই সুবিধার আওতায় খেলাপি ঋণগ্রহীতা এককালীন পরিশোধে তাঁর ঋণ নিষ্পত্তি করতে পারবেন। শর্তসাপেক্ষে আরোপিত ও অনারোপিত—উভয় ধরনের সুদ মওকুফের সুযোগ থাকছে। তবে প্রতিটি নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন লাগবে।
খেলাপি ঋণ আদায় ত্বরান্বিত করতেই গত ২৯ জুন এ সুবিধার নীতিমালা জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা ওই নীতিমালার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতেই দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ এখন বিপুল। গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। গত ১৬ নভেম্বর সংসদে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
এই সুবিধা পাবেন তাঁরাই, যাঁদের ঋণ গত ৩০ জুন পর্যন্ত মন্দ বা ক্ষতি শ্রেণিতে ছিল। ২০২৪ সালের ৬ আগস্ট থেকে ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে পুনঃতফসিল করা মন্দ বা ক্ষতি শ্রেণির ঋণও এ সুবিধার আওতায় আসতে পারে। সুবিধাটি চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। ব্যাংকগুলোকে স্বল্পমেয়াদি কৃষিঋণ এবং কুটির, ক্ষুদ্র ও ছোট শিল্পের ঋণকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

আগে সুদ মওকুফের আগে ব্যাংককে নিজের তহবিলের খরচ আদায় নিশ্চিত করতে হতো। বিশেষ ছাড়ের নীতিমালায় এ শর্ত শিথিল করা হয়েছে। ফলে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি—সব ব্যাংকই এখন শর্তসাপেক্ষে এককালীন পরিশোধে ঋণ নিষ্পত্তির সুযোগ দিতে পারবে। তবে এ সুবিধা সব খেলাপি ঋণগ্রহীতার জন্য স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য নয়; ব্যাংক-গ্রাহক সম্পর্ক ও পর্ষদের সিদ্ধান্তের ভিত্তিতেই তা দেওয়া হবে।


















