ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৩:১৫ পূর্বাহ্ন

আরও দুই দিন বৃষ্টি, সেন্টমার্টিনে আটকা দেড় হাজার পর্যটক

ঘূর্ণিঝড় আকভান ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবু এর প্রভাবে দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টির প্রবণতা আরও দুই দিন অব্যাহত থাকতে পারে। এ সময় কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে। এরপর মঙ্গলবার দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ শনিবার রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৩২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ কুমিল্লায় ১০৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় বৃষ্টি হয়েছে ১৬ মিলিমিটার। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ টেকনাফে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার—এই ১২ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপটিতে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক। বৃহস্পতিবার থেকে জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। মঙ্গল ও বুধবার চারটি জাহাজে করে পর্যটকেরা দ্বীপে গিয়েছিলেন। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত জাহাজ চলবে না বলে জানিয়েছে প্রশাসন।

আটকা পড়া পর্যটকদের মধ্যে দুই বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০ শিক্ষক-শিক্ষার্থী রয়েছেন। তাঁদের মধ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ৩১ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৬৫ জন রয়েছেন। নির্ধারিত সময়ে ফিরতে না পেরে বাড়তি থাকা-খাওয়ার খরচের পাশাপাশি পরিবহন বুকিংয়ের আর্থিক ক্ষতিতে পড়েছেন অনেকে। দীর্ঘ সময় দ্বীপে আটকে থাকায় তাঁদের মধ্যে খাদ্য ও অর্থ সংকট দেখা দিয়েছে।

দ্বীপে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন এক শিক্ষার্থী। সেখানে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাঁকে টেকনাফে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁকে স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে কোস্ট গার্ড। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানিয়েছেন, আটকা পড়া পর্যটকদের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং আর্থিক বা খাদ্য সংকট দেখা দিলে পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরের সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন