দেশভাগ ও ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘যাপিত জীবন’ আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দেশের প্রায় ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত সিনেমাটি নির্মিত হয়েছে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের আলোচিত উপন্যাস অবলম্বনে। সরকারি অনুদানে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত হয়েছে ছবিটি।
মুক্তিকে সামনে রেখে গতকাল বুধবার বিকেলে রাজধানীর বিমানবন্দর-সংলগ্ন সেন্টার পয়েন্টে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী শেষে সিনেমাটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। তিনি বলেন, সেলিনা হোসেন উপন্যাসটি লিখে কয়েকবার সংশোধন করেছিলেন এবং প্রযোজক হিসেবে ইমপ্রেস টেলিফিল্ম সব বিখ্যাত কাজের সঙ্গে জড়িত — সব মিলিয়ে সিনেমাটি সবার ভালো লাগবে বলে তাঁর বিশ্বাস।
সিনেমাটিতে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা, আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, ইমতিয়াজ বর্ষণ, গাজী রাকায়েত, ডলি জহুর, আজাদ আবুল কালাম, রওনক হাসান, মৌসুমী হামিদ, মামুনুর রশীদ ও কাজী হায়াৎ। বাবা হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় প্রথমবার বড় পর্দায় অভিনয় করেছেন ভাবনা। আর প্রথমবারের মতো বড় পর্দায় জুটি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা আফজাল হোসেন ও অভিনেত্রী রোকেয়া প্রাচী। চিত্রনাট্য লিখেছেন অনিমেষ আইচ ও ইমতিয়াজ হৃদয়।
সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০২২ সালের নভেম্বরে। এক বছরের মধ্যে নির্মাণকাজ শেষ হলেও নানা কারণে এতদিন মুক্তি পায়নি ছবিটি। পরে সেন্সর ছাড়পত্র পাওয়ার পর আগামীকাল মুক্তি পেতে যাচ্ছে ‘যাপিত জীবন’।
মুক্তির প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। এর মধ্যে রয়েছে শান্তাহারের পূর্ণিমা সিনেমা, বগুড়ার মম ইন ও মধুবন, ময়মনসিংহের ছায়াবাণী, ঢাকার সৈনিক ক্লাব, বিজিবি, শ্যামলী ও লায়ন সিনেমাস, চট্টগ্রামের সুগন্ধা, রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ, কুষ্টিয়ার স্বপ্নিল সিনেপ্লেক্স, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, ফরিদপুরের বনলতা, সিলেটের গ্র্যান্ড সিলেট এবং কুমিল্লার কে স্ক্রিন। এ ছাড়া স্টার সিনেপ্লেক্সের একাধিক শাখা ও যমুনা ব্লকবাস্টারেও প্রদর্শিত হবে ‘যাপিত জীবন’।


















