মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর অপরাধের জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি।
সোমবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ১৬তম আসিয়ান-জাতিসংঘ শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে গুতেরেস এ আহ্বান জানান। তিনি বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রায় এক দশক পরও রোহিঙ্গারা এখনো ন্যায়বিচার ও নিরাপদে ফেরার উপযুক্ত পরিবেশের অপেক্ষায় রয়েছে।
গুতেরেস বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গার দুর্দশা তিনি নিজ চোখে দেখেছেন। নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের শর্ত এখনো পূরণ হয়নি। এসব নিশ্চয়তা ছাড়া রোহিঙ্গাদের ফেরত পাঠানোর চেষ্টা আন্তর্জাতিক সুরক্ষা বাধ্যবাধকতার লঙ্ঘন হবে এবং তাঁদের জীবন ঝুঁকিতে পড়বে বলে সতর্ক করেন তিনি।
মিয়ানমারের মানবিক সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। তিনি জানান, দেশটিতে ১৬ মিলিয়নের বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন এবং ৪০ লাখের বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। বিমান হামলা বেসামরিক হতাহতের প্রধান কারণ হয়ে উঠেছে বলে উল্লেখ করে তিনি বেসামরিকদের সুরক্ষা ও বাধাহীন মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
গুতেরেস আরও বলেন, মিয়ানমারে নির্বিচারে আটক ব্যক্তিদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দিতে হবে। আসিয়ানের পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি মিয়ানমারের জনগণের নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের ওপর জোর দেন।

এটাই মহাসচিব হিসেবে তাঁর শেষ আসিয়ান-জাতিসংঘ শীর্ষ সম্মেলন বলে উল্লেখ করেন গুতেরেস। সম্মেলনে আসিয়ান-জাতিসংঘ অংশীদারত্ব পুনর্ব্যক্ত করা হয় এবং ২০২৬-২০৩০ কর্মপরিকল্পনার প্রথম বছরকে স্বাগত জানানো হয়।


















