ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১:৪২ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে তৃতীয় মার্কিন রণতরী

ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্ট। এর ফলে অঞ্চলটিতে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে।

মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, রণতরীটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় আগে থেকে মোতায়েন থাকা আরও দুটি বিমানবাহী রণতরির সঙ্গে যুক্ত হয়েছে। এর আগে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটন ওই অঞ্চলে অবস্থান করছিল। এ ছাড়া ইউএসএস বক্সার নামের একটি উভচর সামরিক প্রস্তুতি দলও সেখানে রয়েছে।

বর্তমানে মধ্যপ্রাচ্যে ২০ হাজারের বেশি নাবিক ও মেরিন সেনা এবং কয়েক শ সামরিক উড়োজাহাজ অবস্থান করছে। এর আগে ২০০৩ সালের পর গত এপ্রিলে প্রথমবারের মতো একসঙ্গে তিনটি বিমানবাহী রণতরি মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র।

এদিকে যুক্তরাষ্ট্রের আগে হামলার জন্য তেহরান অপেক্ষা করে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান কিউবা নয় যে দেশটিকে অবরোধ করে রাখা যাবে, কিংবা ভেনেজুয়েলাও নয় যে আত্মসমর্পণে বাধ্য করা যাবে।

অন্যদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আশঙ্কা প্রকাশ করেছেন, আগামী এক বছরে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ সংকুচিত হতে পারে। এমন পরিস্থিতিতে বাহরাইনে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন