ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১:৪২ পূর্বাহ্ন

পাচারকৃত অর্থ ফেরাতে সময় লাগবে: বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক

দেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধার এবং খেলাপি ঋণে জর্জরিত প্রতিষ্ঠানগুলোকে পুনরায় সচল করার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, পাচারকৃত অর্থ উদ্ধার এবং খেলাপি প্রতিষ্ঠানকে অর্থনীতির মূলধারায় ফিরিয়ে আনার বিষয়টি সম্পূর্ণ আলাদাভাবে দেখা হচ্ছে।

সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্সের কার্যক্রম সম্পর্কে জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গনি চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের পরিচালক মাহবুব আলম।

ফরহানুল গনি চৌধুরী বলেন, পাচার হওয়া সম্পদ উদ্ধারের কাজে বাংলাদেশের কোনো অভিজ্ঞতা নেই। গত দুই বছর ধরে এ প্রক্রিয়া শিখছে বাংলাদেশ। এ সম্পদ উদ্ধার করতে নানা আইনি জটিলতা রয়েছে, তাই ফিরিয়ে আনতে সময় লাগবে। আন্তর্জাতিক চর্চা অনুযায়ী, পাচারকৃত অর্থ উদ্ধারে সাধারণত ৫ থেকে ৭ বছর সময় লাগে।

তিনি জানান, পাচার হওয়া অর্থ উদ্ধারে ১১টি বড় বা অগ্রাধিকারভিত্তিক মামলা নিয়ে কাজ চলছে, যার মধ্যে এস আলম গ্রুপ অন্যতম। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের ১০ তলায় সব সংস্থার সমন্বয়ে গঠিত যৌথ তদন্ত দল একসঙ্গে বসে কাজ শুরু করেছে। দেওয়ানি আইনি কার্যক্রমের আওতায় ছয়টি উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে তিনটি বেশ অগ্রসর হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ব্যক্তির অপরাধের দায় যেন কোনো প্রতিষ্ঠানের ওপর না পড়ে, সেটাও পর্যালোচনা করা হচ্ছে। তিনি জানান, প্রথম পর্যায়ে ১১টি প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করা হয়েছে। সেটি একটি পর্যায়ে আসার পর দ্বিতীয় পর্যায়ে ২০০ কোটি টাকার বেশি খেলাপি ঋণ রয়েছে এমন ৪০টি প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আদালতের নির্দেশনা ছাড়া দেশের ভেতরে জব্দ থাকা কোনো ব্যাংক হিসাব বা সম্পদ অবমুক্ত করার সুযোগ নেই।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন