দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ জানুয়ারি। এ ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট নেওয়া হবে। সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এসব তথ্য জানান। প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইসি সানাউল্লাহ জানান, প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি ইউনিয়নে ভোট হবে। তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। ধাপগুলোর ভোটের তারিখ: প্রথম ধাপ ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপ ২৭ মে। প্রতিটি ধাপের ভোট বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। কোন ইউনিয়নে কোন তারিখে ভোট অনুষ্ঠিত হবে, তা আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রথম ধাপের ভোটের ৫০ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে ১০ ডিসেম্বরের আগেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি। এ আলোচনা তিন দিন ধরে চলবে বলে জানান নির্বাচন কমিশনার। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তবে স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল কমিশনের কাছে দাবি জানায়নি। তার ভাষ্য, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।


















