রোববার মুম্বাইয়ের জুহুতে নিজের বাড়ি জলসার বাইরে ভক্তদের সামনে এলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। এবার তাঁর সামনে ছিল না বুলেটপ্রুফ কাঁচের আড়াল। রঙিন হুডি আর মাথায় ব্যান্ডানা পরে উঁচু মঞ্চে দাঁড়িয়ে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানান তিনি। পাশে দাঁড়িয়ে পুরো সময় নজর রাখেন ছেলে অভিষেক বচ্চন।
গত ১ নভেম্বর চাকার ওপর বসানো উঁচু মঞ্চের তিন দিকে বুলেটপ্রুফ কাঁচ লাগিয়ে ভক্তদের সঙ্গে দেখা করেছিলেন অমিতাভ। এরপর ৮ নভেম্বর ও গত রোববার কাঁচ ছাড়াই ভক্তদের সামনে এসেছেন তিনি।
অমিতাভের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পেছনে রয়েছে সাম্প্রতিক কয়েকটি ঘটনা। গত ১৮ অক্টোবর অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। ২৩ অক্টোবর মুম্বাইয়ের মেয়রের কার্যালয়ে পাঠানো এক ই-মেইলে জলসাসহ কয়েকটি স্থানে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ওই বার্তায় ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে জলসায় হামলার আশঙ্কার কথাও বলা হয়। এরপর জলসার চারপাশে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়।
এদিকে দিল্লি পুলিশ সম্প্রতি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত সন্দেহে দুই অভিযুক্ত বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে, যাদের বিরুদ্ধে অমিতাভকে লক্ষ্য করে হামলার পরিকল্পনার অভিযোগ রয়েছে। এর মধ্যেই ১৫ নভেম্বর রাতে নিজের এক্স অ্যাকাউন্টে ‘বচ গয়ে’ লিখে পোস্ট করেন অমিতাভ। কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে কিছু জানাননি তিনি।



















