ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ৭:০০ অপরাহ্ন

ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা

মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েও আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার এক ইমেইল সাক্ষাৎকারে তিনি জানান, দেশে ফিরলে কী ঝুঁকি রয়েছে তা তিনি ভালোভাবেই জানেন, তবে কোনো মৃত্যুর হুমকিই তাকে নিজের দেশ থেকে দূরে রাখতে পারবে না।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। গত বছর আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অভিযানের দায়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।

সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, “আমি ইতিমধ্যে ডিসেম্বরে বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছি। আমি মরতে চাই না। আমি বাঁচতে চাই এবং দেশের সেবা করে যেতে চাই। তবে দেশে ফেরার জন্য যদি মৃত্যুই মূল্য হয়, তবে তার মুখোমুখি হতে আমি প্রস্তুত।”

এর কয়েকদিন আগে বাংলাদেশ সরকার জানিয়েছিল, দেশে ফিরলে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে এবং আপিলের সময়সীমা পার হয়ে যাওয়ায় তার হাতে আর কোনো আইনি উপায় নেই। ঢাকা তার প্রত্যর্পণ চেয়েছে; ভারত জানিয়েছে, অনুরোধটি আইনি পর্যালোচনার পর্যায়ে রয়েছে।

সরকারের অবস্থানকে ‘পরস্পরবিরোধী’ বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “মাসের পর মাস তারা আমার ফেরার দাবি জানিয়েছে। অথচ এখন আমি যখন দেশে ফেরার বাস্তব পদক্ষেপ নিচ্ছি, তখন তারা ফেরার সুযোগ করে দেওয়ার চেয়ে হুমকি দিতেই বেশি আগ্রহী বলে মনে হচ্ছে।”

সাম্প্রতিক পেট্রলবোমা হামলায় তার দল জড়িত—এমন অভিযোগ অস্বীকার করেছেন তিনি। আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। দেশে ফেরার ব্যবস্থা করতে ভারতের সহায়তা চাওয়ার কোনো ইচ্ছা তার নেই বলেও জানান তিনি। তার ভাষায়, “আমি যখন স্বেচ্ছায় ফেরার সিদ্ধান্ত নিয়েছি, তখন আরেকটি দেশকে কেন আমাকে প্রত্যর্পণ করতে বলব?”

তার আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে জানান শেখ হাসিনা। তার বিরুদ্ধে দুর্নীতিসহ আরও একাধিক অভিযোগ রয়েছে। তার দাবি, তার বিরুদ্ধে ৬০০টির বেশি মিথ্যা মামলা করা হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, দেশে ফেরার এই ঘোষণা রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকা এবং সমর্থকদের আস্থা ধরে রাখার চেষ্টার অংশ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন