ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

৭০ বিলিয়ন ডলারের আইপিও নথি প্রত্যাহার করল অ্যানথ্রোপিক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের প্রায় ৭০ বিলিয়ন ডলারের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) তথ্য ব্যাংকগুলোর কাছে পাঠানোর পর তা প্রত্যাহার করা হয়েছে। শেয়ার বিক্রির মূল্যসংক্রান্ত তথ্য ভুল ছিল জানিয়ে প্রতিষ্ঠানটি পরে সংশ্লিষ্ট ব্যাংকারদের ই-মেইল পাঠায়। একই সঙ্গে সংশোধিত তথ্য দিয়ে নথি হালনাগাদের কথা জানিয়েছে তারা।

সোমবার রাতে অ্যানথ্রোপিকের এক প্রতিনিধি ব্যাংকগুলোর কাছে পাঠানো নথিতে প্রায় ৮৬৭ মিলিয়ন শেয়ার বিক্রির পরিকল্পনা তুলে ধরেন। সেখানে প্রতিটি শেয়ারের সম্ভাব্য দাম ধরা হয়েছিল ৭০ থেকে ৮০ ডলার। তবে এর কিছুক্ষণ পর পাঠানো আরেকটি ই-মেইলে প্রতিষ্ঠানটি জানায়, শেয়ারের দামসংক্রান্ত তথ্য সঠিক নয় এবং পরে নথিটি সংশোধন করা হবে।

অ্যানথ্রোপিক এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। কোন তথ্য ভুল ছিল, তা-ও ব্যাংকারদের পাঠানো ই-মেইলে স্পষ্ট করা হয়নি।

প্রত্যাহার করা নথিতে বলা হয়েছিল, আইপিওতে মোট ৮৬৬ দশমিক ৭ মিলিয়ন ‘ক্লাস এ’ শেয়ার বিক্রি করা হবে। এর মধ্যে অ্যানথ্রোপিক নিজে বিক্রি করবে প্রায় ৮৪৩ দশমিক ৩ মিলিয়ন শেয়ার, আর বর্তমান শেয়ারহোল্ডাররা বিক্রি করবেন আরও ২৩ দশমিক ৩ মিলিয়ন শেয়ার। প্রস্তাবিত মূল্যসীমার সর্বোচ্চ দামে শেয়ার বিক্রি হলে এ আইপিও থেকে ৬৯ দশমিক ৩ বিলিয়ন ডলার সংগ্রহের সম্ভাবনা ছিল।

নথিতে আইপিওর পাশাপাশি আরও ২৬ বিলিয়ন ডলারের বেসরকারি বিনিয়োগের পরিকল্পনার কথাও ছিল। গুগল, এনভিডিয়া, অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস, ব্রডকম, মাইক্রন টেকনোলজি, মাইক্রোসফট ও তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) এতে অংশ নেওয়ার কথা ছিল।

অ্যানথ্রোপিকের আইপিওর চূড়ান্ত মূল্য, শেয়ারের সংখ্যা এবং সংশোধিত নথিতে কী পরিবর্তন আসবে, তা এখনো স্পষ্ট নয়। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আইপিওর রোডশো শুরু হওয়ার কথা রয়েছে, আর আগামী সপ্তাহে মূল্য নির্ধারণ হতে পারে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন