ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

মাদরাসা আগুনে হাসপাতালে ৭৭ জন, লাইফ সাপোর্টে একজন

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদরাসার লাইব্রেরিতে লাগা আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন শিক্ষার্থীসহ ৭৭ জন। তাঁদের মধ্যে চারজনকে ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয়েছে। একজনের অবস্থা বেশি সংকটাপন্ন হওয়ায় তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

মঙ্গলবার ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের পর থেকে পর্যায়ক্রমে ৭৭ জন রোগী হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে ১৪ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি ৬৩ জনকে মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, ধোঁয়ায় আক্রান্তদের অনেকের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কারও কারও কাশির সঙ্গে রক্ত আসছে। শ্বাসকষ্ট, পেটে ব্যথা, চোখে জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথার মতো উপসর্গও দেখা দিয়েছে। আগামী ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত গুরুতর রোগীদের ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না।

সংকটাপন্ন চারজনের মধ্যে তিনজনের নাম জানা গেছে—ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)। সংকটাপন্ন একজন রোগীর জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অন্য রোগীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে দুপুর ১২টায় আরেকটি মেডিকেল বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে।

সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদরাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় লাইব্রেরি ও অফিসকক্ষে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নেভায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন