বিনা খরচে মালয়েশিয়ায় কাজের সুযোগ পেতে লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৩০০ জন বাংলাদেশি কর্মী। তাঁদের মধ্য থেকে পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে পাঠানো হবে মালয়েশিয়ায়।
গত রোববার বিকেলে রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে ইলেকট্রনিক পদ্ধতিতে এই লটারি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছে।
গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন জমা পড়ে ৪ হাজার ২৯ জনের। তাঁদের মধ্য থেকে লটারিতে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে।
মালয়েশিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিরা নির্বাচিতদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেবেন। পরীক্ষায় উত্তীর্ণ চূড়ান্ত ১১২ জনকে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় পাঠানো হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাঁদের ফ্লাইট শুরু হবে বলে জানা গেছে। নির্বাচিতদের তালিকা শিগগিরই বোয়েসেলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানিয়েছেন, সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এই প্রথম লটারির মাধ্যমে দক্ষ কর্মী বাছাই করা হলো। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর সরকারি অঙ্গীকার পূরণে এই উদ্যোগ সহায়ক হবে।

এ ছাড়া পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।


















