ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

নিখোঁজ অভিনেত্রী মেঘলার বাবা

অভিনেত্রী মেঘলা মুক্তার বাবার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সোমবার রাত থেকে নিখোঁজ রয়েছেন তিনি। বাবাকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সহযোগিতা চেয়েছেন এই অভিনেত্রী।

মেঘলা জানান, তাঁর বাবা সোমবার রাত আনুমানিক ৮টার দিকে উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার উদ্দেশে রওনা হন। রাত ৮টা ৫০ মিনিটে মেয়ের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

বাবার খোঁজে পরিবারের সদস্যরা উত্তরার আশপাশের বিভিন্ন হাসপাতাল ও কুর্মিটোলা হাসপাতালে যোগাযোগ করেছেন। তবে কোথাও তাঁর সন্ধান মেলেনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বাবার ছবি বিভিন্ন স্থানে প্রচার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ৩টা ১৮ মিনিটে নিজের ভেরিফায়েড পেজে বাবার নিখোঁজ হওয়ার কথা জানান মেঘলা। তিনি লেখেন, তাঁর বাবা ভীষণ অসুস্থ। তাই তাঁকে খুঁজে পাওয়া জরুরি। মঙ্গলবার সকাল পর্যন্তও বাবার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

কেউ তাঁর বাবাকে কোথাও দেখে থাকলে বা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন