ইরানের সঙ্গে যুদ্ধ সামরিক দিক থেকে ‘কার্যত শেষ’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির ওপর নৌ অবরোধ আপাতত বহাল থাকবে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর এক আকস্মিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প। বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘সামরিকভাবে ইরান যুদ্ধ কার্যত শেষ। আমরা শুধু বর্তমান পরিস্থিতি বজায় রাখছি। মূলত ইরানের প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই এমনটা করা হচ্ছে।’
তিনি জানান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো আপাতত বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে। তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় নৌ অবরোধ। তাঁর দাবি, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা প্রায় ৮৫ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে।
ট্রাম্প বলেন, ইরান যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তা এখনো গ্রহণ করেননি তিনি। তবে বড় ধরনের লড়াই আবার শুরু হওয়ার সম্ভাবনা কম বলে মনে করেন তিনি। প্রয়োজনে আবার সামরিক অভিযান শুরুর প্রস্তুতি রয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। গত সপ্তাহে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে অন্তত দুটি সীমিত হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের কাছে মোতায়েন হাজারো মার্কিন সেনা প্রত্যাহারের কোনো ইঙ্গিতও দেননি ট্রাম্প।


















