ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন

চামড়া খাতের উন্নয়নে ২ হাজার কোটি টাকার তহবিল, চুক্তি করল সম্মিলিত ইসলামী ব্যাংক

দেশের চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশ ও উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার প্রাক্‌-অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে রাষ্ট্র মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি।

গত ১ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ডেপুটি গভর্নর মো. আনিস উর রহমানের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মো. জাবদুল ইসলাম এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবেদুর রহমান সিকদার। তাঁরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার এ প্রাক্‌-অর্থায়ন স্কিমের আওতায় চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশে নতুন ট্যানারি ও শিল্পবর্জ্য পরিশোধনাগার স্থাপন, বিদ্যমান ট্যানারির অবকাঠামো সংস্কার, সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং চামড়াজাত পণ্য উৎপাদনের জন্য নতুন অবকাঠামো নির্মাণে স্বল্প মুনাফায় মেয়াদি বিনিয়োগ সুবিধা দেওয়া হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাঁচামাল ক্রয়, বেতন-ভাতা প্রদান, ইউটিলিটি বিল পরিশোধসহ পরিচালন ব্যয় মেটাতে অর্থায়ন করা হবে। পাশাপাশি চামড়া ও চামড়াজাত শিল্পের সহায়ক প্রতিষ্ঠানগুলোকে নিয়ম অনুযায়ী বিভিন্ন মেয়াদে চলতি মূলধন সুবিধাও দেওয়া হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ