ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ৮:১৮ অপরাহ্ন

সুজুকি গাড়ি কিনতে বিশেষ সুবিধা দেবে প্রাইম ব্যাংক ও উত্তরা মোটরস

সুজুকি ব্র্যান্ডের গাড়ি কেনায় গ্রাহক ও কর্মকর্তাদের বিশেষ সুবিধা দিতে উত্তরা মোটরস লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। ৪ নভেম্বর ২০২৬ তারিখে এ অংশীদারিত্বের ঘোষণা দেওয়া হয়।

সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ে উত্তরা মোটরসের প্রধান কার্যালয় উত্তরা সেন্টারে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তারা সুজুকি ব্র্যান্ডের কার ও এসইউভি কেনায় বিশেষ মূল্যছাড় ও এক্সক্লুসিভ অফার পাবেন।

এ ছাড়া যেকোনো ব্র্যান্ডের পুরোনো গাড়ি এক্সচেঞ্জ এবং ভবিষ্যতে গাড়ি আপগ্রেডের ক্ষেত্রে বাইব্যাক সুবিধা পাবেন তাঁরা। থাকছে তিন বছরের ওয়ারেন্টি, বিনামূল্যে রক্ষণাবেক্ষণ, দেশজুড়ে ১০টি সার্ভিস ওয়ার্কশপের মাধ্যমে বিক্রয়োত্তর সেবা এবং ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজারের সহায়তা। পাশাপাশি ঢাকা শহরের মধ্যে গ্রাহকের বাসায় গাড়িসংক্রান্ত সেবা পৌঁছে দেওয়ার সুবিধাও থাকবে।

এ অংশীদারিত্বের ফলে প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাদের জন্য গাড়ি কেনা ও মালিকানার অভিজ্ঞতা আরও সহজ ও সাশ্রয়ী হবে বলে আশা করছে প্রতিষ্ঠান দুটি।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ, এসইভিপি ও চিফ বিজনেস অফিসার (সিএনআইবি অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকিং) সাজিদ রহমান, ইভিপি ও হেড অব কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং ইভিপি ও হেড অব সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী।

উত্তরা মোটরসের পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর-ফাইন্যান্স এ.বি.এম. হুমায়ুন কবির, সিওও-সুজুকি কার বিজনেস চিরঞ্জীব রায়, উত্তরা গ্রুপের সিএফও আবু বকর সিদ্দিকী, সিএফও মাহবুব আলম এবং সিনিয়র জেনারেল ম্যানেজার-অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স শফিকুল আলম খান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ