ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ২:১৪ অপরাহ্ন

মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মেট্রোরেলের তিনটি স্টেশন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে পোশাকশ্রমিকদের ছত্রভঙ্গ করার সময় এ ঘটনা ঘটে। এদিকে সংঘর্ষের পর থেকে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, মিরপুর ১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে, মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে আজ সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরবর্তীতে সকাল ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় শ্রমিকদেরও ইট-পাটকেল ছুড়তে দেখা যায়।

এদিকে সপ্তাহের প্রথম কর্মদিবসে মিরপুরের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় মেট্রোরেলেও যাত্রীদের অতিরিক্ত ভিড় দেখা গেছে। সড়কপথে আগারগাঁও ও ফার্মগামী অনেক যাত্রী বিকল্প হিসেবে মেট্রোরেল ব্যবহার করছেন।

জানা গেছে, শ্রমিকদের অবরোধের প্রভাব পড়েছে ফার্মগেট, শাহবাগ, সায়েন্সল্যাব ও কারওয়ান বাজার এলাকাতেও। মিরপুর ১০ থেকে ১২ নম্বর পর্যন্ত সড়কে শ্রমিকেরা অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে গাবতলী থেকে মিরপুর ১০ হয়ে আগারগাঁও ও মহাখালীগামী যানবাহন চলাচল ব্যাহত হয়। একইভাবে গাবতলী থেকে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বর হয়ে কালশী, বিমানবন্দর ও প্রগতি সরণির দিকে চলাচলকারী যানবাহনও চলতে পারেনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ