ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ২:১৪ অপরাহ্ন

দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোটের সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার

ভারতের রাজধানী দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোটের বড় সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ। রোববারের এ কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির আশঙ্কায় ৪ হাজারের বেশি পুলিশ সদস্যের পাশাপাশি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নজরদারিতে বসানো হয়েছে ২০০টির বেশি সিসিটিভি ক্যামেরা।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী জোটের এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত কর্মসূচিতে কয়েক লাখ মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করছে বিরোধী দলগুলো। সমাবেশের কারণে মধ্য ও পশ্চিম দিল্লির বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও পথ পরিবর্তনের প্রস্তুতিও নিয়েছে দিল্লি ট্রাফিক পুলিশ।

দিল্লি পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) সদস্যদের নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে। সমাবেশস্থলকে ১৪টি নিরাপত্তা অঞ্চলে ভাগ করা হয়েছে। নজরদারির জন্য ড্রোন ও নিরাপত্তাকর্মীদের শরীরে সংযুক্ত ক্যামেরাও ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে।

বিরোধী জোটের কর্মসূচি অনুযায়ী, রোববার দুপুরে মধ্য দিল্লির মিন্টো রোড- কনট প্লেস সংযোগস্থল থেকে পদযাত্রা শুরু হয়ে রামলীলা ময়দানে গিয়ে শেষ হওয়ার কথা। সমাবেশে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায়, হেমন্ত সোরেন, অখিলেশ যাদব ও তেজস্বী যাদবসহ বিরোধী দলের শীর্ষ নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে।

ভোটার তালিকা সংশোধনের বিতর্কিত প্রক্রিয়াকে কেন্দ্র করে এ বিক্ষোভের আয়োজন করা হয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে এবং এতে ক্ষমতাসীন বিজেপি সুবিধা পেয়েছে। তবে নির্বাচন কমিশন পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করেছে।

দিল্লি পুলিশের পক্ষ থেকে সমাবেশস্থল ও পদযাত্রার পথে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে দিল্লি ট্রাফিক পুলিশ জানিয়েছে, জনসমাগমের পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও বিকল্প পথ নির্ধারণ করা হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ